বিআরটিএর তদারকি দল মাঠে, তৎপরতা সীমিত
অধিকাংশ নামীদামি কোম্পানির বাসের টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তদারকি দল মাঠে নেমেছে। গতকাল রোববার রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে তিনটি দল অবস্থান নেয়। মহাখালী ও সায়েদাবাদে ১১ জনের এবং গাবতলীতে ১৩ জনের এই দলে পুলিশ, বিআরটিএ ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা রয়েছেন। তবে প্রথম দিন সব সদস্যকে দেখা যায়নি বলে জানা গেছে। এদিকে রাজধানীর তিন টার্মিনাল ছাড়াও রাজারবাগ, কমলাপুর, মালিবাগ, ফকিরাপুল, কলাবাগান, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে কাউন্টার বসিয়ে টিকিট বিক্রি করছে বাস কোম্পানিগুলো। এসব স্থানেও টিকিট কালোবাজারি ও বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। কিন্তু এসব স্থানে তদারকির কোনো ব্যবস্থা নেই। সায়েদাবাদে তদারকি দলের সদস্য পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। তিনি বলেন, ‘যাত্রীই তো নাই। অভিযোগ দেবে কে। শেষের দিকে যাত্রী বাড়লে কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় বাড়তে পারে। তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে গিয়ে তদারকি দলের সদস্যদের টার্মিনাল ভবনের প্রবেশমুখে বসে থাকতে দেখা গেছে। তবে গাবতলী টার্মিনালে এখনো মালিক সমিতির সরবরাহ করা ভাড়ার তালিকা ঝুলছে। বিআরটিএর তালিকা দেখা যায়নি। মহাখালীতে কিছু কিছু কাউন্টারে বিআরটিএর ভাড়ার তালিকা টানাতে দেখা গেছে। সায়েদাবাদে অধিকাংশ বাসের কাউন্টারে কোনো ভাড়ার তালিকাই দেখা যায়নি। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ দাবি করেন, গাবতলী টার্মিনালে আলাদা মালিক সমিতি আছে। তারাই সব ঠিক করে। তবে সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে অনেক কাউন্টারে বিআরটিএর তালিকা টাঙানো হয়েছে এবং তালিকা মেনে ভাড়া আদায় করা হচ্ছে। সব কাউন্টারেই যাতে ভাড়ার তালিকা টাঙানো হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নগরের তিনটি বাস টার্মিনালে গতকাল যাত্রীদের ভিড় ছিল, তবে তা অস্বাভাবিক নয়। পরিবহনকর্মীরা জানিয়েছেন, ব্যাপক না হলেও রাজধানীর মানুষের ঘরে ফেরার প্রবণতা শুক্রবার থেকেই শুরু হয়েছে।