বিআরটিএর দুই কর্মকর্তাকে বদলির নির্দেশ সেতুমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে চট্টগ্রামের নতুনপাড়ায় বিআরটিএর কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন।
তাৎক্ষণিক বদলি হওয়া বিআরটিএর ওই দুই কর্মকর্তা হলেন মোটরযান পরিদর্শক মাঈনউদ্দিন চৌধুরী ও সহকারী রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয় বিআরটিএর বুথের সামনে দাঁড়ানো গ্রাহকদের সঙ্গে কথা বলে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পান। বিশেষ করে এই দুই কর্মকর্তা গ্রাহকদের সব কাগজপত্র একসঙ্গে আনতে পরামর্শ দেন না। তাঁরা আজ একটি আনতে বললে কাল আরেকটি কিংবা পরশু অন্যটি আনতে বলেন। এতে গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হন। তাই এই দুজনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী।’ তিনি আরও জানান, এরপর মন্ত্রী বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গ্রাহক হয়রানি বন্ধের নির্দেশ দেন।
তথ্য কর্মকর্তা বলেন, ‘সেতুমন্ত্রী বিকেলে বিআরটিসির ডিপো পরিদর্শন করেন। তিনি সেখানে সিঙ্গেল ডেকারের ৯টি এবং ডাবল ডেকারের ১০টি বাস অকেজো পড়ে থাকতে দেখেন। মন্ত্রী ডিপোর ব্যবস্থাপক আজহার আলীর কাছে জানতে চান, বাসগুলো মেরামতের জন্য ঢাকায় কোনো চাহিদাপত্র পাঠানো হয়েছে কি না। আজহার আলী সদুত্তর দিতে না পারায় তাঁকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন মন্ত্রী।’