বিআরটিএর দুর্নীতি তদন্ত করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিএর অভ্যন্তরীণ দুর্নীতির তদন্ত করবে দুদক। গাড়ির নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিটসহ নানা ধরনের সনদ পাওয়ার প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের বিষয়টি অনুসন্ধান করবে প্রতিষ্ঠানটি। এ জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়াকে প্রধান করে এ কমিটিতে আছেন সহকারী পরিচালক মো. খায়রুল হুদা এবং উপসহকারী পরিচালক সৈয়দ আতাউল কবীর। বৃহস্পতিবার সকালে দুদকের বৈঠকে বিআরটিএর দুর্নীতি অনুসন্ধানের জন্য এ কমিটি চূড়ান্ত করা হয়। অনুসন্ধানের পর প্রতিবেদন জমা দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। একই সঙ্গে আগের অনুসন্ধান শেষে বিআরটিএর দুর্নীতি বন্ধে দুদকের সুপারিশের কতটি পালন করা হয়েছে, সে বিষয়টিও পর্যবেক্ষণ করবে দুদক। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের দুর্নীতি বন্ধ না হলে সরকারের রাজস্ব ঘাটতি কমবে না। যে টাকা সরকারের কোষাগারে যাওয়ার কথা, তা যদি কর্মকর্তা বা দালালদের পকেটে যায় তাতে সরকারের ক্ষতি। যেকোনো উপায়ে প্রশাসনিক দুর্নীতি বন্ধ করা হবে।’ তিনি জানান, কমিশনের বৈঠকে সদ্যগঠিত কমিটির প্রধান কাজ জালিয়াতচক্রের মূল হোতাদের খুঁজে বের করা। এ ছাড়া দালালচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা।দুদক সূত্র জানায়, ২০০৯ সালে বিআরটিএর দুর্নীতি নিয়ে একটি বিশেষ দল অনুসন্ধান চালায়। অনুসন্ধান শেষে বেশ কিছু সুপারিশ যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু সেসব সুপারিশের কতটি বাস্তবায়ন হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দুদকে পাঠায়নি বিআরটিএ কর্তৃপক্ষ। তবে এ অনুসন্ধান কতটুকু কার্যকর হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ দুদক কর্মকর্তারাই। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, গতবার অনুসন্ধানকারী কর্মকর্তারা নিজেরাই ফেঁসে গিয়েছিলেন। বিআরটিএর জালিয়াতচক্র শক্ত অবস্থানে থাকায় তারা টাকা দিয়ে সব বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। উল্টো জালিয়াতচক্রের দেওয়া টাকা না নিলে অনুসন্ধানকারী কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। এ প্রসঙ্গে বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান বলেন, ‘এ পর্যন্ত আট থেকে দশবার পুলিশের আইজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতিবাজচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি। কিন্তু আজও ফল পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘দুর্নীতিতে বিআরটিএর কেউ জড়িত বলে প্রমাণ পাওয়া গেলে তৎক্ষণাৎ তাঁকে বহিষ্কার করা হবে।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ দুদক ও বিআরটিএর পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে মামলা দুটি দায়েরের আগেই আর্থিক লেনদেনের অভিযোগে বিআরটিএ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাড়ির নম্বর (নিবন্ধন) জাল করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার কাফরুল থানায় দুটি পৃথক মামলা হয়েছে। দুদকের পক্ষে বাদী হয়েছেন সহকারী পরিচালক (প্রশাসন ও লজিস্টিকস) ঋত্বিক সাহা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে বাদী হয়েছেন মোটরযান পরিদর্শক আবদুল আলীম চৌধুরী।