ট্যাক্সিক্যাবের জন্য নির্ধারণ করা ভাড়াকে যৌক্তিক ও বাস্তবসম্মত বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত শুক্রবার ‘মন্ত্রী আমলা ঠিকাদারের স্বার্থের বলি যাত্রীরা! ট্যাক্সিক্যাবে উঠলেই ১০০ টাকা ভাড়া’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদে এই অবস্থান তুলে ধরে সংস্থাটি।
প্রতিবাদপত্রে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে নতুন ট্যাক্সিক্যাব পরিচালনা নিয়ে জনস্বার্থবিরোধী কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের সংবাদ একটি টেকসই ও উন্নত মানের ট্যাক্সিক্যাব-সেবা পরিচালনার অন্তরায়।
বিআরটিএ বলেছে, ট্যাক্সিক্যাব নীতিমালা অনুযায়ী ১৯৯৮ সালে যে ট্যাক্সিক্যাব নামানো হয়েছিল, তা অত্যন্ত নিম্নমানের এবং সর্বনিম্ন ইঞ্জিন সিসি ছিল ৮০০। ফলে ওগুলো অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। ওই সময় ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ করে ট্যাক্সিক্যাবের দাম ধরা হয়েছিল তিন লাখ টাকা। পরে বিভিন্ন সময়ে ট্যাক্সিক্যাবের মূল্য, যন্ত্রাংশ, মেরামত খরচ ও জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও সেই তুলনায় ব্যয় বিশ্লেষণ করে ভাড়া নির্ধারণ করা হয়নি। ২০১০ সালে ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন প্রণয়ন করা হলে ব্যয় বিশ্লেষণ না করেই আনুমানিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়, যা টেকসই ও আধুনিক ট্যাক্সিক্যাব-সেবার জন্য উপযুক্ত নয়। উদ্দেশ্য ছিল ট্যাক্সিক্যাব নামানোর পর অবস্থা বিবেচনা করে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। কারণ, আগে দুবার দুটি কোম্পানিকে অনুমতি দেওয়া হলেও তারা ট্যাক্সিক্যাব নামাতে পারেনি।
এবার এসব বিষয় বিবেচনায় রেখে নিয়ম-নীতির অধীনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কোনো ব্যক্তিবিশেষের পরিচয় বা স্বার্থে কার্যক্রম গ্রহণের বিষয়টি অবান্তর ও কাল্পনিক।
বিআরটিএ জানায়, জনস্বার্থ বিবেচনা করে এবার একটি কোম্পানি ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরে ২৫০টি করে ৫০০টি ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দেওয়া হয়। শীতাতপনিয়ন্ত্রিত টয়োটা প্রিমিও, এলিয়ন ও এক্সিও গাড়িগুলো হবে সর্বনিম্ন ১৫০০ সিসির। দাম ১৮ থেকে ২৬ লাখ টাকা।
বিআরটিএ দাবি করেছে, প্রচলিত পদ্ধতিতে বস্তুনিষ্ঠ ব্যয় বিশ্লেষণের মাধ্যমে এই ট্যাক্সিক্যাবের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা আন্তমন্ত্রণালয় সভায় অনুমোদিত হয়েছে।
প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের যে ভাড়ার হার উল্লেখ করা হয়েছে, তা বাংলাদেশের টাকার মূল্যমানের কি না, সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। উল্লিখিত দেশগুলোতে পরিচালিত ট্যাক্সিক্যাবের মূল্য, মান, সেবা ও নিরাপত্তামূলক ব্যবস্থা ঢাকায় যেসব ট্যাক্সিক্যাব নামানো হবে, সেগুলো সমমানের নয়।
প্রথম আলোর বক্তব্য: বিআরটিএর বক্তব্যেই দেখা গেল, তারা ২০১০ সালের গাইডলাইন মানেনি। কারণ, ট্যাক্সিক্যাব নামানোর পরে নয়, আগেই তারা ভাড়া প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করেছে।
বিআরটিএ ট্যাক্সিক্যাব পরিচালনার দায়িত্ব দেওয়ার সময় প্রতিষ্ঠান দুটিকে ২০১০ সালের নীতিমালা মানার শর্ত দেয়। কিন্তু প্রতিবাদপত্রে তারা বলছে, ২০১০ সালের নির্ধারণ করা ভাড়া টেকসই ও আধুনিক ট্যাক্সি সার্ভিসের জন্য উপযুক্ত নয়।
পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিআরটিএ ১১টি ব্যয়ের খাত চিহ্নিত করে এর সঙ্গে ১০ শতাংশ লাভ যুক্ত করে ভাড়া নির্ধারণ করে। এবারের ট্যাক্সিক্যাবের ব্যয় বিশ্লেষণ-প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা যায়, ১৫০০ সিসির প্রতিটি গাড়ির ক্রয়মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা। সঙ্গে ব্যাংকঋণের সুদ সাড়ে নয় লাখ টাকা এবং নিবন্ধন ও পরিচালনা খরচ মিলে ২৮ লাখ টাকা। গাড়ির দামের প্রায় অর্ধেক ব্যাংকঋণের সুদ ধরা প্রশ্নের জন্ম দিয়েছে।
পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, এই ট্যাক্সিক্যাবকে ঢাকা শহরের পাশাপাশি ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিটি ট্যাক্সিক্যাবের দৈনিক যাতায়াত ধরা হয়েছে মাত্র ১৫০ কিলোমিটার।
বিআরটিএর হিসাবে, ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের দূরত্ব ৮৫ কিলোমিটার। একবার যাতায়াতেই ১৭০ কিলোমিটার হয়ে যায়। একটি ট্যাক্সিক্যাব কি দিনে এক ট্রিপ চলবে?
গাড়ির দামের সঙ্গে ব্যাংকঋণের বিপুল সুদ যুক্ত করে এবং চালকের বেতন-বোনাস, অফিস, গ্যারেজ ও দৈনিক মেরামত খরচ মিলিয়ে ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছে বলে পরিবহনসংশ্লিষ্টরা মনে করছেন। আবার দৈনিক ১৫০ কিলোমিটার চলাচল দেখিয়ে আয় কম দেখানো হয়েছে। এতে ভাড়া বেশি নির্ধারণের সুযোগ তৈরি হয়।
বিআরটিএ এর আগে যতবারই ব্যয় বিশ্লেষণ করে বাস-অটোরিকশার ভাড়া প্রস্তাব করেছিল, প্রতিবারই দায়িত্বরত যোগাযোগমন্ত্রী তা থেকে কমিয়েছেন। বিআরটিএর ব্যয় বিশ্লেষণ যৌক্তিক ও বাস্তবসম্মত হলে মন্ত্রীর পক্ষে কমানোর সুযোগ থাকার কথা নয়।
ট্যাক্সিক্যাবের পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগে সুনির্দিষ্ট নিয়মনীতি বলতে ‘ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন ২০১০’-ই মূল মানদণ্ড। যে কমিটি ট্যাক্সিক্যাব সার্ভিস নীতিমালা তৈরি ও পরিবর্তন করেছে, তাতে ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন চৌধুরী। পরে ট্যাক্সিক্যাব পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগের জন্য যে কমিটি করা হয়, তার আহ্বায়কও হন তিনি। তমা কনস্ট্রাকশন কোম্পানি নামে যে প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে নির্বাচন করা হয়েছে, তার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান ওরফে মানিক এই কর্মকর্তার বন্ধু। আবার নির্বাচিত এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের। প্রথম আলোর প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিবেদনের সঙ্গে এশিয়ার যে ছয় শহরের ট্যাক্সিক্যাবের ভাড়ার হার উল্লেখ করা হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করেই দেওয়া হয়েছিল।
তবে গতকাল প্রথম আলোর সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্যাক্সিক্যাব পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান দুটির চাপাচাপিতে বিআরটিএ ভাড়া বাড়ানোর প্রস্তাব করে। বস্তুত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়।