
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জাতীয় খানা জরিপের ফলাফল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ঢালাওভাবে প্রত্যাখ্যানের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে সংস্থাটি। গত ৩০ আগস্ট ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৭’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বিআরটিএর কাছ থেকে সেবা নিতে গিয়ে ৬৫ দশমিক ৪ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। সেখানে মালিকদের চেয়ে চালকদের দুর্নীতির শিকার হওয়ার হার বেশি। মোটরযানের চালক হিসেবে লাইসেন্স সংগ্রহ করতে গিয়ে বেশি খানা দুর্নীতির শিকার হতে হয়। এরপর রয়েছে মোটরযানের নিবন্ধন করতে গিয়ে।
টিআইবি বলছে, বাস্তবতাকে আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের পরিবর্তে সত্যকে অস্বীকার করার এ দৃষ্টান্ত অনিয়ম-দুর্নীতিকে সুরক্ষা দেওয়া এবং সরকার ঘোষিত সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপপ্রয়াস বিবেচনায় উদ্বেগ প্রকাশ করছে তারা। আজ মঙ্গলবার এ বিষয়ে টিআইবির অবস্থান, ব্যাখ্যাসহ একটি পত্র বিআরটিএ কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি আরও বলেন, টিআইবি জাতীয় খানা জরিপটি প্রকাশ হওয়ার পর জরিপে উঠে আসা বিআরটিএ-সংশ্লিষ্ট দুর্নীতির ফলাফলকে সম্প্রতি বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছে। কী কারণে ওই ফলাফলকে এ রকম ঢালাওভাবে ‘ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘কল্পনাপ্রসূত’ আখ্যায়িত করা হলো, বিআরটিএ তার কোনো ব্যাখ্যা দেয়নি।
ইফতেখারুজ্জামান বলেন, ‘জরিপটি পরিসংখ্যান বিজ্ঞানে বহুল অনুসৃত মানদণ্ড ও চর্চা অনুসারে পরিচালিত হয়েছে। এর বৈজ্ঞানিক মান ও পদ্ধতিগত উৎকর্ষ নিশ্চিতের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আটজনের এক বিশেষজ্ঞ প্যানেল টিআইবির গবেষক দলকে বিভিন্ন পর্যায়ে পরামর্শ দিয়েছে। জরিপের তথ্য সংগ্রহের জন্য দেশব্যাপী খানা নির্বাচনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস স্যাম্পলিং ফ্রেমের আলোকে দেশের আটটি বিভাগ সমন্বয়ে দৈবচয়ন নমুনায়ন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, যা জরিপের আওতাভুক্ত খাতের ওপর বাংলাদেশের খানাগুলোর অভিজ্ঞতার সম্পূর্ণ প্রতিনিধিত্বশীল চিত্র প্রদান নিশ্চিত করেছে।’
জরিপে অন্তর্ভুক্ত অন্যান্য খাতের মতো বিআরটিএ থেকে দৈবচয়িতভাবে নির্বাচিত সেবাগ্রহণকারী খানাগুলো তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এ জরিপে তথ্য দিয়েছে, উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘নিয়োগকৃত মাঠ তত্ত্বাবধায়কেরা জরিপের সময়ই সংগৃহীত তথ্যের নির্ভুলতা যাচাই করেন। এ ছাড়া, প্রযোজ্য ক্ষেত্রে দৈবচয়নসহ যথাযথ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও পূরণকৃত প্রশ্নপত্র যাচাই করা হয়। যাচাইকৃত তথ্য পরিসংখ্যান ও জরিপ বিজ্ঞানের সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করে বিশ্লেষণ করা হয়েছে। অতএব, জরিপে উঠে আসা সব তথ্য ও তার বিশ্লেষণ বৈজ্ঞানিকভাবে সঠিক ও বস্তুনিষ্ঠ; কোনোভাবেই একে ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপূর্ণ বা কল্পনাপ্রসূত বলা যাবে না।’
সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশায় সরকারের সার্বিক উদ্যোগের অংশ হিসেবে বিআরটিএ কর্তৃক সম্প্রতি সুশাসনবিষয়ক কিছু পদক্ষেপ গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পদক্ষেপসমূহ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে সেবা প্রদান পর্যায়ে এগুলো কতটুকু কার্যকর হয়েছে, তা অনুধাবনের অন্যতম উপায় সেবাগ্রহীতার অভিজ্ঞতাভিত্তিক গবেষণা। এ জন্য টিআইবি প্রণীত জরিপের ফলাফল বিআরটিএ কর্তৃক ঢালাওভাবে প্রত্যাখ্যান করা সম্পূর্ণ অযৌক্তিক।’
টিআইবি আশা করে, জরিপে পাওয়া ফলাফল ও উপস্থাপিত সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিআরটিএ তার সেবা কার্যক্রমে উন্নততর স্বচ্ছতা, জবাবদিহি সর্বোপরি দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।