বিআরটিএর সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে গত দুই দিন ঢাকা-মাওয়া মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৪৬টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রথম দিন গত মঙ্গলবার ৩৬টি পরিবহন ও সেগুলোর চালকের বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল বুধবার করা হয় বাকি মামলাগুলো। ঢাকা-মাওয়া মহাসড়কের হাইওয়ে পুলিশ এসব মামলা করে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিআরটিএ কর্তৃপক্ষ সূত্র জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর ও তেগরিয়া এলাকায় মহাসড়কের পাশে গত মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম ও পরিচালক এসফোর্সমেন্ট বিজয় ভূষণ পাল, হাইওয়ে পুলিশের ওসি ডেরিকসহ বিআরটিএর কর্মকর্তারা। এ ছাড়া সুশীল সমাজের মধ্যে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ সড়ক নিরাপত্তা কমিটির এ আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আবুল মকসুদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে রাখা ও যাত্রীদের প্রতি অশালীন আচরণ বন্ধে গণসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।
বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘সড়ক নিরাপত্তায় চালকের সঙ্গে যাত্রীদেরও সচেতন হতে হবে। তাই আমরা দুপক্ষকেই সচেতন করতে সবাইকে নিয়ে মাঠে নেমেছি।’
প্রথম দিনের গণসচেতনতামূলক কর্মসূচির সঙ্গে বিশেষ অভিযানও চলে। ওই দিন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত গতি, কাগজপত্রে ত্রুটি, ফিটনেস না থাকাসহ বিভিন্ন কারণে ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বেশ কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়।
গতকালও চলে বিশেষ অভিযান। এ সময় ১০টি পরিবহন ও সেগুলোর চালকের বিরুদ্ধে নানা ত্রুটির অভিযোগে মামলা করা হয়।
এ ব্যাপারে ঢাকা-মাওয়া মহাসড়কের হাইওয়ে পুলিশের ওসি ডেরিক স্টেফেন কুইয়া বলেন, গত দুদিনের বিশেষ অভিযানে ৪৬টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।