বিআরটিএর সার্ভার নষ্ট ভোগান্তিতে মানুষ

গাড়ির কর দেওয়া ও ফিটনেস নবায়নের জন্য গতকাল বুধবার অফিস থেকে ছুটি নিয়েছিলেন শফিউর রহমান। সকালে ব্যাংকে টাকা জমা দিয়ে বিআরটিএ কার্যালয়ে পৌঁছান তিনি। কিন্তু দিনভর রোদ আর বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেও ফিটনেস সনদটি না নিয়েই মিরপুরের বিআরটিএ কার্যালয় ছাড়তে হয় তাঁকে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিআরটিএর প্রধান কার্যালয়ের ‘সার্ভার ডাউন’। তাই সারা দিন শফিউরের মতো অপেক্ষায় থেকে একরাশ বিরক্তি নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, এসব করে মূলত দালালদের বাণিজ্যের সুযোগ করে দেওয়া হয়।
বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কার্যালয়গুলোর মধ্যে রাজধানীর মিরপুর কার্যালয়টি সবচেয়ে বড়। গাড়িচালনার লাইসেন্স করা, লাইসেন্স নবায়ন, যানবাহনের নিবন্ধন, নম্বরপ্লেট, কর ফিটনেস নবায়ন, মালিকানা বদলসহ যানবাহনসংক্রান্ত বিভিন্ন কাজে প্রতিদিন সহস্রাধিক লোক এখানে আসেন। বিআরটিএর পুরো কাজকর্ম নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, ১১৭ নম্বর কক্ষের সামনের লম্বা বারান্দায় হইচই করছেন কয়েক শ লোক। এখান থেকে গাড়ির কর ও ফিটনেস নবায়ন করা হয়। ভ্যাপসা গরমে ঘামছেন অনেকে। ঠিক সে সময়ই নামে বৃষ্টি। তখন বাইরে দাঁড়ানো লোকজন বারান্দায় এসে আশ্রয় নেন। এতে হইচইয়ের মাত্রা আরও বেড়ে যায়। ভুক্তভোগী লোকজন কাউন্টারগুলোর সামনে দাঁড়িয়ে নিজেদের কাগজ পেতে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। কাউন্টারের সামনে বসা কর্মকর্তাদের একজন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, তাঁর ভাষায়, ‘সার্ভার নষ্ট, আমরা কিছু করতে পারছি না।’
এখানেই কথা হয় বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা শফিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, শুধু সময়মতো গাড়ির কর ফিটনেস নবায়নের জন্য গতকাল অফিস থেকে ছুটি নিয়েছেন। সকালে মিরপুরের সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) কাউন্টারে পাঁচ মিনিটের মধ্যে টাকা জমা দিয়ে বিআরটিএতে এসেছেন। চোখের দেখা ফিটনেস পরীক্ষা শেষে তাঁকে ১১৭ নম্বর কক্ষে যেতে বলা হয়েছে। তিনি সেখানে গিয়ে কর পরিশোধের প্রমাণপত্র, ব্যাংকের রিসিটসহ পুরোনো ফিটনেস সনদটিও জমা দিয়েছেন। কিন্তু প্রায় চার ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর তাঁকে বলা হয়েছে যে তাঁর গাড়ির ফিটনেস সনদটি প্রিন্ট করা যাচ্ছে না। কারণ, সার্ভার নষ্ট। ক্ষুব্ধ শফিউর বলেন, ‘পুরোনো ফিটনেস সনদটি এরা জমা নিয়েছে, নতুনটিও দেয়নি। এখন গাড়িতে কোনো ফিটনেস সনদই নেই। এ অবস্থায় রাস্তায় যদি পুলিশ গাড়ি ধরে, তাহলে তাদের সামলানোর মতো কোনো প্রমাণপত্রও বিআরটিএ আমাকে দেয়নি।’
বিটিভির অবসারপ্রাপ্ত একজন কর্মকর্তা বারবারই কাউন্টারের সামনে ঢুঁ মারছিলেন। তিনি পত্রিকায় নাম প্রকাশ করতে চাননি। কাউন্টার থেকে বিআরটিএর কর্মকর্তারা যখন তাঁকে বলেন যে সার্ভার ডাউন, ফিটনেস সনদ দেওয়া যাচ্ছে না। তখন তিনি বলেন, তাঁকে হাতে লিখে ফিটনেস সনদ দিতে। কর্মকর্তারা তখন বলেন, এভাবে তো দেওয়া যাবে না, সব তো ডিজিটাল। বিআরটিএ কর্মকর্তাদের উদ্দেশ করে ষাটোর্ধ্ব ওই সাবেক সরকারি কর্মকর্তা তখন বলেন, ‘আপনাদের ডিজিটাল হলো শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য।’ তিনি ক্ষুব্ধস্বরে বলেন, সরকার নিশ্চয় ওই সার্ভার কোম্পানিকে বিপুল পরিমাণ টাকা দেয় ফি বছর। আর বিআরটিএর মতো একটা ব্যস্ত প্রতিষ্ঠানে কোনো বিকল্প সার্ভার না দিয়েই কোম্পানি চালিয়ে যাচ্ছে তারা। কী ভয়ানক লুটপাট! জানতে চাইলে ১১৭ নম্বর কক্ষের কাউন্টারে বসা মো. হাসান নামে একজন কর্মকর্তা বলেন, প্রতিদিনই সার্ভার কিছু সমস্যা করে। তবে তা পাঁচ-দশ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সরকারি একটি ব্যাংকের কর্মকর্তা নাজমুল করিম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন চুপচাপ। একপর্যায়ে তিনি বলে ওঠেন, ‘আমি ২২ হাজার ১৪৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি। সরকারকে তার প্রাপ্য টাকা দিতে এসেও এত ভোগান্তি। এ কারণেই তো মানুষ যানবাহনের ট্যাক্স ঠিকমতো ভরতে চায় না।’
দুপুরে বিআরটিএর কার্যালয় থেকেই সংস্থাটির চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি ধরে বলেন ‘স্যার মিটিংয়ে আছেন।’ গ্রাহক ভোগান্তির বিষয়টি চেয়ারম্যানকে জানানোর অনুরোধ করা হলে ওই কর্মকর্তা বলেন, ‘এখানে তো মিরপুরের ডিডি (উপপরিচালক) সাহেব আছেন। আমরা ওনাকে জানাচ্ছি।’ বিআরটিএ কর্মকর্তারা বলেন, সিএনসি নামের একটি প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান বিআরটিএর সার্ভার দেখভাল করে। বিআরটিএর বিভিন্ন কার্যালয়ে প্রায়ই তাদের সার্ভারে সমস্যা দেখা দেয়।