ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের কারণে যানজট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বুধবার দুপুরে বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
গাজীপুর থেকে বিমানবন্দর ২০ কিলোমিটার সড়কে গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় দেশের প্রথম বিআরটি প্রকল্প শুরু হয়। ২ হাজার ৪০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে মেয়াদ ২০১৮ সালের ডিসেম্বর করা হয় এবং ব্যয় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ ১৪ টাকা। আরও দুই দফা প্রকল্পের সময় বাড়িয়ে ২০২২ সালের জুনে শেষ করার কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।
বিআরটি প্রকল্প শেষ হতে আর মাত্র এক বছর সময় রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে ৬০ শতাংশ। কাজের সঠিক পরিকল্পনার অভাবে ৬-৭ বছর ধরে গাজীপুরবাসীর গলার কাঁটা হয়েছে এই প্রকল্প। সারা বছরই গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত যানজট লেগেই আছে।
পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ প্রথম আলোকে বলেন, বিআরটি প্রকল্পের কাজ চলছে অপরিকল্পিতভাবে। যেখানে খুশি গর্ত ও ভাঙাচোরা করছে। তাদের প্রকল্পের কারণেই প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে।
সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাজীপুরের শিববাড়ী থেকে উত্তরার আবদুল্লাহপুর পর্যন্ত জোরেশোরেই কাজ চলছে। কোথাও নির্মাণ করা হচ্ছে নালা, কোথাও চলছে উড়ালসড়কের কাজ। কয়েকটি স্থানে চলছে বিআরটি স্টেশন ও সড়ক নির্মাণ ও সংস্কার কাজ। প্রকল্পের আবদুল্লাহপুর-টঙ্গী তুরাগ নদের ওপর নির্মিত হচ্ছে বড় সেতু। সেই কাজ পেরিয়ে এলেই টঙ্গী বাজার। সেখানে অসংখ্য ছোট–বড় খানাখন্দ। একই অবস্থা টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে। সেখান থেকে কিছু দূর গেলেই স্টেশন রোড। স্টেশন রোডের দুই পাশেই ছোট–বড় খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি।
স্টেশন রোড থেকে শুরু করে চেরাগ আলী টঙ্গী কলেজগেট, গাজীপুরা, কুনিয়া বড়বাড়ি এলাকায় সড়কে পানি জমে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকেই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এসব গর্তে জমে আছে পানি। সড়কের কিনারা বা বিভাজকের মাঝখানে জমে আছে হাঁটুপানি। সড়কের কাছে পড়ে আছে ইটের খোয়া, বালু বা বিভিন্ন নির্মাণসামগ্রী। এর মধ্যেই চলাচল করছে ট্রাক, কাভার্ড ভ্যান, রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।
বিভিন্ন গণমাধ্যমে যানজটের খবর প্রকাশিত হওয়ায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিআরটি প্রকল্পের কর্মকর্তারা পরিদর্শনে আসেন। এ সময় অতিরিক্ত সচিব নীলিমা আক্তার বলেন, ‘চেষ্টা করছি যানবাহন চলাচল ঠিক রেখে কাজ চালিয়ে যাওয়া।’
গাজীপুর সিটির মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, গাজীপুরের নিমতলী ব্রিজ থেকে টঙ্গীর বনমালা রেলগেট পর্যন্ত একটি সড়কের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আগামী ঈদের আগেই ওই সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তিনি নিজে উপস্থিত থেকে প্রতিদিন এ সড়কের নির্মাণকাজ তদারক করছেন।
ভোগড়া এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ রেজাউল করিম জানান, কয়েকটি কারণে যানজটের সৃষ্টির হচ্ছে। এর মধ্যে মহাসড়কের দুপাশে কোনো ফুটপাত না থাকা ও সড়কে বৃষ্টির পানি জমে থাকা। লাখ লাখ পোশাকশ্রমিকের মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত, রাস্তায় নির্মাণকাজ, মহাসড়কের পাশে অবৈধ পার্কিং, অনুমোদনহীন যানবাহন চলাচল। এ ছাড়া রাস্তা দখল করে দোকানপাট ও গণপরিবহনের যত্রতত্র গাড়ি থামানো।
মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ খান বলেন, কাজের সঠিক পরিকল্পনার অভাবে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
বিআরটি প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ বলেন, বুধবার মহাসড়কের কাজ পরিদর্শনে গিয়ে কিছু কাজের অসংগতি পাওয়া যায়। বিশেষ করে টঙ্গীর চেরাগ আলী এলাকার কারণেই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সমস্যাগুলো সমাধান করা হবে। এ ছাড়া আরও যেসব সমস্যা পাওয়া গেছে, সেগুলো সমাধান করা হয়েছে।
কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে প্রকল্পের ৬০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বাকি দ্রুত এগিয়ে চলছে।