বিআরটিসি বাস চালুর প্রতিবাদে মালিক-শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-বাঘা সড়কে বিআরটিসি দোতলা বাস চালুর প্রতিবাদে আজ শনিবার থেকে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট ডেকেছে। এর ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘোষণা দিয়ে আন্ত-উপজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজশাহী থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বাসগুলোকে শহরে ঢুকতে দেওয়া হয়নি। সেগুলো ফের ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আগামীকাল রোববার ঐক্য পরিষদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-বাঘা সড়কে বিআরটিসি বাসের উদ্বোধন করবেন—এমন খবর পেয়ে ওই সময় থেকেই নগরের তালাইমারী, ভদ্রার মোড় ও শিরোইল এলাকায় ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, হঠাৎ বাস বন্ধ করার ঘোষণায় যাত্রীরা চরম বিপাকে পড়ে। অনেক যাত্রীর আগের থেকে টিকিট কেনা ছিল, তারা বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়ে। আন্ত-উপজেলা রুটের অনেক যাত্রীকে অটোরিকশা ও ভটভটিতে করে গন্তব্যে পৌঁছার চেষ্টা করতে দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীরা নগরের তালাইমারীর মোড় পার হয়ে ঢাকা থেকে এসে ফিরে যাওয়া গাড়িতে ওঠে।

দুপুরে নগরের শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব গাড়ির কাউন্টারের ঝাঁপ (শাটার) নামিয়ে রাখা হয়েছে। সামনে কোনো লোকজন নেই। বাসগুলো রাস্তার উত্তর পাশ দিয়ে সারি করে রাখা হয়েছে।

আসলাম উদ্দিন (৩৮) নামের এক যাত্রী এক হাতে একটি বস্তা ও আরেক হাতে তাঁর পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে বাঘায় যাওয়ার গাড়ি খুঁজছিলেন। তিনি বলেন, তাঁর শ্বশুরবাড়ি গোদাগাড়ীতে। সেখান থেকে একবার অটোরিকশা নিয়ে এসেছেন। ভেবেছিলেন, টার্মিনালে এসে বাঘার গাড়ি ধরবেন। এখন কীভাবে যাবেন, ভাবতে পারছেন না।

গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে রাজশাহী-বাঘা সড়কে দুটি দোতলা বিআরটিসি বাস চালু ছিল। কিছুদিন চলার পরে একটি বাস বন্ধ হয়ে যায়। এরপর থেকে একটি বাস চলছিল। গত বছরের ২১ জুন রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের লোকজন দোতলা বাসটি নিয়ে শিরোইল বাস টার্মিনালে ঢুকিয়ে দেন। এরপর বাঘা-রাজশাহী সড়কে দোতলা বাস বন্ধ হয়ে যায়। তখন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণের সুবিধার্থে এই সড়কে অবশ্যই বিআরটিসির গাড়ি চলবে। আজ বেলা একটার দিকে তিনি বাঘায় আনুষ্ঠানিকভাবে বিআরটিসি গাড়ির উদ্বোধন করেন।

পরিষদের পক্ষে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গত বছরের ১২ জুন বিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে তাঁদের একটি বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত হয়, দোতলা বাসগুলো টাউন সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। বাইরে চলবে না। সেই সিদ্ধান্তের আলোকে গত বছর দোতলা বাস প্রত্যাহার করে নেওয়া হয়। নতুন করে আবার এই বাস চালুর প্রতিবাদে তাঁরা স্থানীয় (আন্ত-উপজেলা) সব সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ঢাকার গাড়ি যেগুলো এসেছিল, ফেরত গেছে। রাজশাহী থেকে নতুন কোনো বাস ছাড়া হয়নি। আগামীকাল বেলা সাড়ে ১১টার বৈঠকের পর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী একক সিদ্ধান্তে এই দ্বিতল বাস চালু করছেন। তাঁরা কী করবেন, কিছু বুঝতে পারছেন না।