বিআরটিসি বাসের ধাক্কায় দৃষ্টিপ্রতিবন্ধী নারী-পুরুষ নিহত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত বুধবার রাতে বিআরটিসি বাসের ধাক্কায় দৃষ্টিপ্রতিবন্ধী এক নারী ও এক পুরুষ মারা গেছেন। তাঁদের পরিচয় মেলেনি।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দৃষ্টিপ্রতিবন্ধী ওই দুজন হজরত শাহজালাল বিমানবন্দর-সংলগ্ন ভিআইপি টার্মিনালের ফটক দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির দোতলা একটি বাস তাঁদের ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দুইটার দিকে তাঁরা মারা যান। পরে বিমানবন্দর থানার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নারীর বয়স আনুমানিক ৩৬, তাঁর পরনে সুতির শাড়ি রয়েছে। পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে ফুলপ্যান্ট ও ফুলশার্ট আছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে বিমানবন্দর থানার ওসি মো. কামালউদ্দিন বলেন, বাসটি গুলিস্তান-গাজীপুর রুটে চলাচল করে। চালকসহ বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মর্গে পড়ে থাকা দৃষ্টিপ্রতিবন্ধী ওই নারী-পুরুষকে কেউ শনাক্ত করতে যায়নি। গতকাল দুপুরে চার-পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী-পুরুষ ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান। তাঁরা প্রথম আলোকে বলেন, তাঁরা শুনেছেন নিহত ওই দুজন বনানী এলাকায় থাকতেন। তবে তাঁরা চেনেন না।