বিআরটিসির কাছে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ চাইবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কাছে ক্ষতিপূরণ চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ মৃত্যুর ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় বলে জানা গেছে।সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ৫ মার্চ রাতে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ রেদোয়ান। রেদোয়ানের মৃত্যুর পর জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, বিআরটিসির বাসের চালক ও সহকারীর ভুলেই হিমালয় পরিবহনের যাত্রী ও পথচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ রেদোয়ানের মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিআরটিসির এ বাসটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্ধারিত। হিমালয় পরিবহন নামে এ সংস্থা সেটি পরিচালনা করে। মতিঝিলে হিমালয় পরিবহনের এই বাসটি নিয়ম না মেনে ছাত্রদের বাদ দিয়ে অন্য যাত্রী তোলে। রেদোয়ান ওই সব যাত্রীকে জোর করে বাস থেকে নামাতে চাইলে তারা তাঁকে মারধর করে। মারধরের একপর্যায়ে পালাতে গিয়ে ট্রাক বা ভারী যানের নিচে পড়ে তিনি আহত হন। পরে হাসপাতালে মারা যান। বিআরটিসির বাসের চালক মো. ফিরোজ ও সহকারী নান্নু বহিরাগত যাত্রীদের বাসে তোলার কারণেই হিমালয় পরিবহনের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডার সূত্রপাত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, রেদোয়ান মারা যাওয়ার পরদিন শাহবাগ এলাকায় ভাঙচুরের ঘটনায় ছাত্রদের পাশাপাশি বহিরাগতরাও জড়িত ছিল। তবে ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে অবহেলা লক্ষ করা গেছে। ভাঙচুরের সঙ্গে জড়িত থাকায় তিন ছাত্রকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। গণমাধ্যম ও তদন্ত কমিটির কাছে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় আরবি বিভাগের শিক্ষক এ টি এম ফখরুদ্দীনকে লিখিতভাবে সতর্ক করার সুপারিশ করে কমিটি। এতে আরও বলা হয়, রেদোয়ানের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তাঁর লাশের ময়নাতদন্ত হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু রেদোয়ানের পরিবারের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরত দেওয়া ভুল হয়েছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত কমিটির কাছে জানান।কমিটির সূত্র জানায়, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও ১৪ কার্যদিবসেই প্রতিবেদন চূড়ান্ত করা হয়। ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১৫টি সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, হিমালয় পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হবে।