
পাশেই দেশের প্রধান রেলস্টেশন কমলাপুর৷ সামনে আইডিয়াল স্কুল৷ অদূরে আন্তর্জাতিক বাস টার্মিনাল। এ রকম গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের জমিতে এক ব্যবসায়ীকে ফিলিং স্টেশন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকাির পরিবহন সংস্থা বিআরটিসি। এতে একদিকে যেমন যানজট ও পরিবেশদূষণের ব্যাপারে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তেমনি কালক্রমে এর মাধ্যমে সরকারি জমি বেদখলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷
বিআরটিসির মতিঝিল বাস ডিপোতে পেট্রলপাম্প কাম িসএনজি রিফুয়েলিং স্টেশন করতে গত ২৪ মার্চ মেসার্স ইসরাইল তালুকদারের সঙ্গে সংস্থাটির চুক্তি সই হয়। এখন স্টেশনটি নির্মাণের অপেক্ষায়। তবে এ জন্য এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের অনুমোদনের আবেদন করা হয়নি৷ বিআরটিসির শ্রমিক ইউনিয়ন এর বিরোধিতা করে বলেছে, এখনই ডিপোতে গাড়ি রাখার যথেষ্ট জায়গা নেই৷ ফিলিং স্টেশন হলে কাজের পরিবেশও বিঘ্নিত হবে৷
বিআরটিসির কর্মকর্তারা জানান, ফিলিং স্টেশনটি হওয়ার কথা ডিপোর সামনের একাংশজুড়ে। রাজধানী ও সারা দেশে চলাচলকারী প্রায় সোয়া ২০০ বাস এ ডিপো ব্যবহার করে৷
বিআরটিসি সূত্র জানায়, চুক্তিতে সাড়ে ১৯ শতাংশ জায়গার ওপর ফিলিং স্টেশন নির্মাণের কথা বলা হয়েছে৷ এ জন্য ডিপোর ভেতরে প্রায় সাড়ে আট হাজার বর্গফুট এলাকা দেয়াল দিয়ে আলাদা করা হবে। ইজারাদার মাসে তিন লাখ ২১ হাজার টাকা ভাড়া দেবেন৷ এই চুক্তি ১০ বছরের জন্যে। তবে পরে তা নবায়ন করা যাবে। বিআরটিসির কর্মকর্তারা বলছেন, এই জমির বাজারমূল্য ১০০ থেকে ১২০ কোটি টাকা।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ অনুযায়ী, পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশন ‘কমলা-খ’ তালিকাভুক্ত অবকাঠামো। অর্থাৎ এ থেকে মারাত্মক ধরনের দূষণের ঝুঁকি আছে৷ শব্দদূষণ এবং জ্বালানি তেল ও গ্যাস নিঃসরণজনিত দূষণের আশঙ্কায় এই আইনে এ ধরনের অবকাঠামো শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় স্থাপন করা নিষিদ্ধ৷
এ বিষয়ে অভিমত জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর স্থাপনা (কেপিআই) কমলাপুর স্টেশন, গুরুত্বপূর্ণ বিদ্যালয় ও বাস ডিপোর কারণে ওই স্থানে এমনিতেই সব সময় বাড়তি যানবাহনের চাপ থাকে৷ ফিলিং স্টেশন হলে যানবাহন আরও বাড়বে। বিশেষ করে তেল নিতে আগ্রহী গাড়ি ধীরগতিতে চলায় তখন এলাকাটি যানজটে স্থবির হয়ে যেতে পারে৷ যানজট আর ফিলিং স্টেশনের উচ্চমাত্রার শব্দ উভয়ই পরিবেশের জন্য ক্ষতিকর। সবকিছু বিবেচনা করলে ওই স্থানে ফিলিং স্টেশন স্থাপনের কোনো সুযোগ নেই।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিআরটিসির বাস ডিপোতে বেসরকারি মালিকানায় ফিলিং স্টেশন করার বিষয়ে কোনো আবেদন আসেনি। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (পূর্ব) উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের কাছেও আবেদন করা হয়নি। আবেদন পেলে সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে করণীয় ঠিক করবে।
অভিযোগ উঠেছে, বিআরটিসির একশ্রেণির অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে এ পাম্প করার অনুমতি দিয়েছেন। সংস্থার শ্রমিক ইউনিয়ন এই প্রস্তাবিত স্টেশনের বিরোধিতা করে বিআরটিসির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, জায়গার অভাবে বিআরটিসির বাস এখনই রাস্তায় রাখতে হচ্ছে। তা ছাড়া ফিলিং স্টেশন হলে এর জেনারেটরের শব্দের কারণে শ্রমিকেরা কাজ করতে পারবে না৷ বিআরটিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আমির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ডিপোতে সিএনজি স্টেশন ও পেট্রলপাম্প হলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, একবার বিআরটিসির জায়গা কেউ দখলে নিতে পারলে আর ছাড়ে না৷
এ প্রতিবেদক চুক্তিটির বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও বিআরিটসির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলতে পারেননি৷ সম্প্রতি ফোন করা হলে বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন তাঁর দপ্তরে যেতে বলেন৷ এই প্রতিবেদক সেখানে গেলে চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তারা ঘণ্টা খানেক বসিয়ে রেখে বলেন, চেয়ারম্যান বৈঠকে যোগ দিতে মন্ত্রণালয়ে যাবেন৷ তাঁরা পরিচালক প্রশাসনের কাছে যাওয়ার পরামর্শ দেন৷ একজন কর্মচারী পরিচালক প্রশাসনের কক্ষে নিয়ে গেলে তিনিও মন্ত্রণালয়ে আছেন বলে জানানো হয়৷ কয়েক দিন পর আবার মতিঝিলে বিআরটিসি ভবনে গেলে ব্যক্তিগত কর্মকর্তারা বলেন, চেয়ারম্যান তখন দপ্তরে নেই৷ এক ঘণ্টা পরে আবার গেলে জানানো হয়, তিনি দপ্তরে আসবেন না। সর্বশেষ গত শুক্রবার তাঁকে মোবাইলে ফোন করে পাওয়া যায়নি৷ তখন জানা যায়, তিনি বিদেশে আছেন৷
চুক্তিতে বলা হয়েছে, ফিিলং স্টেশন স্থাপনকারী ইসরাইল তালুকদারের পক্ষে সবকিছু করবেন তাঁর ছেলে হালিম তালুকদার৷ জানতে চাইলে হালিম তালুকদার প্রথম আলাকে জানান, নতুন সিএনজি স্টেশন স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে না৷ শুধু পেট্রলপাম্প স্থাপন করলে লাভ হবে না ভেবে তাঁরা অপেক্ষা করছেন। জমি দখলে চলে যাওয়ার আশঙ্কা এবং বিআরটিসির কর্মকর্তাদের কমিশন দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে কত কথা ছড়ায়। এগুলো বিশ্বাস করা ঠিক নয়৷ এক বছরের অগ্রিম ভাড়া ছাড়া অন্য কোনো লেনদেন হয়নি।’
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ‘চুক্তি হয়েছে এটা সিত্য। কিন্তু পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এবং যানজট হবে—এই বিবেচনায় সেখানে পাম্প বসানোর সুযোগ নেই। চুক্তি বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’