বিআরটিসির দোতলা বাস আটকে রেখে কর্মচারীদের মারধর

বিআরটিসির দোতলা বাস আর চলবে না—মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়ে রাজশাহীতে গতকাল শনিবার মোটর শ্রমিক ও মালিক সমিতির লোকেরা বিআরটিসির দুটি দোতলা বাস থেকে যাত্রী নামিয়ে টার্মিনালে নিয়ে আটকে রাখেন৷ এ সময় তাঁরা ওই বাস দুটির কর্মচারীদের মারধর করে টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে৷ তবে যোগাযোগ মন্ত্রণালয়ে কথা বলে জানা গেছে, দোতলা বাস না চলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিআরটিসির রাজশাহী ডিপোর ব্যবস্থাপক আবদুর রহিম অভিযোগ করেন, গতকাল দুপুরে বাঘা-রাজশাহী সড়কপথের একটি এবং পাবনা-চাঁপাইনবাবগঞ্জ সড়কপথে চলাচলকারী অপর একটি বাসের যাত্রী নামিয়ে দিয়ে মোটর শ্রমিক ও মালিক সমিতির লোকেরা যান দুটি নগরের এ এইচ এম কামরুজ্জামান বাস টার্মিনালে নিয়ে যান৷ এরপর তাঁরা বাসের কর্মচারীদের মারধর করেন এবং টাকাপয়সা ছিনিয়ে নেন৷
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন দাবি করেন, ১২ জুন বিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে তাঁদের একটি বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে দোতলা বাসগুলো চলবে না। বাসগুলো ঢাকা শহরে ব্যবহৃত হবে। ওই সভায় তিনিও উপস্থিত ছিলেন। এ ধরনের কোনো কাগজ তাঁদের হাতে রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ফেডারেশনের নেতারা সে কাগজ পেয়ে যাবেন।’ কর্মচারীদের মারধর ও টাকাপয়সা কেড়ে নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন৷
এ ব্যাপারে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাঘা-চারঘাটে অবশ্যই বিআরটিসির বাস চলবে। জনগণের সুবিধার জন্য দোতলা যদি না চলে তবে একতলা দুটি গাড়ি দিতে হবে। এ জন্য যা যা করা প্রয়োজন তিনি করবেন।
যোগাযোগ করা হলে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এন সিদ্দিক বলেন, তাঁদের মন্ত্রণালয়ে দোতলা বাস চলবে না—এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।