বিআরটিসির পাঁচটি বাস পুড়ল আগুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার নতুনপাড়া এলাকায় আজ বুধবার ভোরে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিআরটিসির পাঁচটি দোতলা বাস পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নতুনপাড়া এলাকায় বিআরটিসির ডিপোতে ভোর ৫টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি ও আগ্রাবাদ থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক দুপুরে প্রথম আলোকে বলেন, আগুনে একটি দোতলা বাস পুরোপুরি পুড়ে গেছে। বাসটি লোহার অবকাঠামো ছাড়া সব পুড়ে যায়। অপর চারটি বাস আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।


আগুনে পুড়ে যাওয়া বাস নগর ও নগরের বাইরে বিভিন্ন সড়কপথে চলাচল করত। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।


চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার দুপুরে প্রথম আলোকে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুন লাগার ঘটনা তদন্ত করবে।