বিআরটিসির বাস চালু করায় ধর্মঘট
রাজশাহী-বাঘা সড়কে বিআরটিসি বাস চালু হওয়ার খবরে গতকাল শনিবার সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তারা ওই বাস চালুর প্রতিবাদে গতকাল থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-বাঘা সড়কের বিআরটিসি দোতলা বাসের উদ্বোধন করবেন—এমন খবর পেয়ে আন্ত উপজেলা বাস বন্ধ করে দেওয়া হয়। নগরের তালাইমারী, ভদ্রার মোড় ও শিরোইল এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এতে রাজশাহী থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বাসগুলোকে শহরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে সেগুলো ফের ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আজ রোববার ঐক্য পরিষদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে রাজশাহী-বাঘা সড়কে দুটি দোতলা বিআরটিসি বাস চালু ছিল। কিছুদিন চলার পরে একটি বাস বন্ধ হয়ে যায়। এর পর থেকে একটি বাস চলছিল। গত বছরের ২১ জুন জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের লোকজন দোতলা বাসটি জোর করে শিরোইল বাস টার্মিনালে ঢুকিয়ে দেয়। তাদের বিরুদ্ধে বিআরটিসির শ্রমিকদের মারধর করারও অভিযোগ ওঠে। এর পর থেকে ওই সড়কে দোতলা বাস বন্ধ হয়ে যায়।
জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, গত বছরের ১২ জুন বিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে তাঁদের একটি বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত হয় দোতলা বাসগুলো শুধু ঢাকা শহরে টাউন সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। নতুন করে আবার বাস চালুর প্রতিবাদে তাই তাঁরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।