বিআরটিসির বাসে ওয়াই-ফাই আছে শুধু নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বাসে তিন বছর আগে চালু হওয়া বিনা মূল্যের ওয়াই-ফাই সেবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। যাত্রীরা বলছেন, শুরুর কয়েক দিনই কেবল ওয়াই-ফাই সচল ছিল। এখন আর বাসগুলোতে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না।
২০১৪ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এ টু আই) কর্মসূচির কারিগরি সহায়তায় বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিয়ে ঢাকায় বাসসেবা চালু হয়। শুরুতে মতিঝিল-উত্তরা রুটের ১০টি বাস ওয়াই-ফাই সুবিধার আওতায় আসে। নির্বিঘ্ন ওয়াই-ফাই সুবিধার জন্য প্রতি বাসে দুটি করে রাউটার (তারবিহীন ইন্টারনেট সংযোগের যন্ত্র) বসানো হয়। পরে আরও পাঁচটি বাস এই তালিকায় যুক্ত হয়।
গতকাল রোববার মতিঝিলে বিআরটিসির বাস কাউন্টারে গিয়ে মতিঝিল-উত্তরা রুটের ওয়াই-ফাই সুবিধাসংবলিত ছয়টি অপেক্ষমাণ বাসের কোনোটিতেই রাউটার পাওয়া যায়নি। বাসচালক মো. সোলায়মান বলেন, ‘রাউটারে টাকা ভরতে পাঁচ-ছয় দিন হয় খুইল্যা নিছে।’ অন্য বাসচালকদের কারও মতে ১০ দিন, কেউ বা বলছেন মাসখানেক আগে মেরামতের জন্য রাউটার খুলে নিয়ে গেছেন বিআরটিসির কর্মীরা। পরে আর লাগানো হয়নি।
বিআরটিসির কারিগরি বিভাগের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫টি বাসে ওয়াই-ফাই সংযোগসহ রাউটার বসানো ছিল। কিছুদিন আগে মেরামতের জন্য সেগুলো খুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ১৫টি বাসের মধ্যে দুই থেকে তিনটি বাসে ইন্টারনেট সংযোগ সচল ছিল। বাকিগুলো কাজ করত না।
এই রুটে নিয়মিত যাতায়াত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম আলতাফ। তিনি বলেন, সেবা চালুর পর মাসখানেক ইন্টারনেটের গতি ভালো ছিল। এরপর প্রায়ই সংযোগে সমস্যা পাওয়া যেত। বছর দেড়েক যাবৎ এটি একেবারেই বন্ধ আছে। আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, তিনি বছরখানেক আগে একবার বাসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পেরেছেন। এখন আর ওয়াই-ফাই সংযোগ পাওয়া যায় না।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বাসে ইন্টারনেট একেবারেই চলে না, এটা ঠিক না। কিছুদিন আগে নতুন দুটি করে রাউটার বসানো হয়েছে। বাসের রাউটার খুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খবর নিচ্ছি। বিভাগীয় কার্যক্রম গ্রহণ করছি।’