বিআরটিসির বাসে শিশু সহকারী
আরাফাতের বয়স ১০ বছর। দেখে আরও ছোট মনে হয়। দুই মাস ধরে একটি দোতলা বাসে চালকের সহকারী হিসেবে কাজ করছে। ওর কাজটি সরকার ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজের তালিকার অন্তর্ভুক্ত। আরাফাত এই ঝুঁকিপূর্ণ কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে।
মোহাম্মদপুর থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসির প্রায় ২০টি দোতলা বাস নিয়মিত চলাচল করে। গত ডিসেম্বর থেকে গত বুধবার পর্যন্ত বিভিন্ন সময়ে সরেজমিনে দেখা যায়, এই রুটের প্রতিটি বাসেই চালকের সহকারী হিসেবে অন্তত একজন করে শিশু কাজ করছে। এই শিশুরা ভাড়া আদায় করে আবার ‘হেলপার’ হিসেবেও কাজ করে। তাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। তবে মোহাম্মদপুর ডিপো ছাড়া বিআরটিসির অন্য ডিপোতে শিশু শ্রমিকদের দেখা যায়নি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালের ১০ মার্চ শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৩৮টি কাজের একটি তালিকা প্রকাশ করে। বাস, ট্রাক বা টেম্পোতে চালকের সহকারী হিসেবে কাজ করা সেই তালিকার অন্তর্ভুক্ত। কিন্তু সরকারি পরিবহনেই শিশুরা এই ঝুঁকিপূর্ণ কাজটি করছে।
অন্যদিকে, ২০১০ সালের জাতীয় শিশু শ্রম নিরসন নীতিতে ১৪ বছরের কম বয়সী শিশুকে সার্বক্ষণিক কাজে নিয়োগ না করার কথা বলা আছে। তাদের দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা কাজ করানো যাবে। তবে এর পরে শিক্ষা ও বিনোদনের সুব্যবস্থা করতে হবে।
শাহীন আলম (১২) তিন মাস ধরে বিআরটিসির মোহাম্মদপুর ডিপোতে কাজ করে। শাহীনের নিয়োগ, বেতন ও অন্যান্য সুবিধা নিয়ে জানতে চাইলে বলে, ‘নিজেই আইছি। একদিন গুদারাঘাট থেইকা বাসে উইঠা যাই। অহন ভাড়া কাটি, হেলপারি করি।’ দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা পায়। এখানে কেউ ওকে কাজ করতে নিষেধ করেনি।
বিআরটিসির এই রুটের বাসে বেশ ভিড় থাকে। তার মধ্যেই এই শিশুরা যাত্রী তোলে, ভাড়া আদায় করে। মো. রাসেল (১০) এক সপ্তাহ ধরে কাজ করছে। সে বলে, ‘ভিড় বেশি অইলে কষ্ট অয়। ছোট বইলা মানুষ তেড়ামিও করে। ভাড়া কম উডাইলে ওস্তাদে ঝাড়ি দেয়।’ রাসেল আগে লেগুনার সহকারী ছিল। সেখান থেকে বিআরটিসির বাসে এসেছে। শিক্ষা ও বিনোদনের কোনো ব্যবস্থা নেই। সকাল ৮টায় কাজ শুরু হয়ে শেষ হতে হতে রাত ১০টা বাজে।
তবে মোহাম্মদপুর ডিপোর ট্রাফিক ইনচার্জ হাবিবুর রহমান বলেন, তাঁদের এখানে কোনো শিশু কাজ করে না। তাঁদের নিজস্ব চালক ও সহকারী রয়েছেন। তবে যে শিশুরা বাসে কাজ করছে, তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলেন, ‘ওরা নিজেরা লাফায় লাফায় উঠে। আমরা দেখলে তাড়িয়ে দেই।’ দৈনিক মজুরি দেওয়ার কথাও তিনি অস্বীকার করেন।
বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, বিআরটিসি বাস তাঁরা নিজেরা পরিচালনা করেন। চালক নিজস্ব। তবে সহকারী (হেলপার) পদ খালি থাকলে দৈনিক ভিত্তিতে ডিপো ম্যানেজার নিয়োগ দিয়ে থাকেন। সরকারি পরিবহনে শিশু শ্রমিক কাজ করার বিষয়ে বলেন, ‘এটা আমার জানা ছিল না। আমাদের ওপর শিশুদের দিয়ে কাজ না করানোর কড়া নির্দেশ আছে। আমি খোঁজ নেব।’