
২৪ থেকে ২৬ জানুয়ারি ও ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিআরটিসি প্রচলিত ভাড়ায় বিশেষ বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিআরটিসি দ্বিতল ও একতলা বাস দিয়ে ‘বিশ্ব ইজতেমা স্পেশাল সার্ভিস’ চালু করবে। বাসগুলো প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১৪ দিন পর্যন্ত ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে।
আরিচা, পাটুরিয়া ঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, কুটি চৌমুহনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, বিরিশিরি, নেত্রকোনা, সোনাপুর, চরজব্বার, লক্ষ্মীপুর, কলমাকান্দা, মদন, মনোহরদী, মিরকাদিম, মোহনগঞ্জ, আখাউড়া, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর প্রভৃতি স্থান থেকে বিআরটিসির ৩০০টি বাস ঢাকা পর্যন্ত চলাচল করবে।
বিআরটিসি বাস গুলিস্তান-ফুলবাড়িয়া, কমলাপুর-মতিঝিল, ফার্মগেট, গাবতলী, মহাখালী, আজিমপুর থেকে ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে।
এয়ারপোর্ট থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নেওয়ার জন্য জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি বাস ‘বিদেশিদের জন্য সংরক্ষিত’ স্টিকারে চলাচল করবে। আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ২৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার জন্য একতলা বাস ইজতেমাস্থল থেকে বিভিন্ন জেলায় চলাচল করবে। তথ্য বিবরণী।