বিআরটিসির মহিলা বাস নামমাত্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাত্রী তুলছেন মহিলা বাসের সহকারী। গত রোববার দুপুরে তোলা ছবি, প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাত্রী তুলছেন মহিলা বাসের সহকারী। গত রোববার দুপুরে তোলা ছবি, প্রথম আলো

রাজধানীর মালিবাগ মোড়ে সকাল সাড়ে সাতটায় একটি লম্বা লাইন। দাঁড়িয়ে আছেন রেহানা বেগম। চাকরি করেন ঝিগাতলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে। প্রশ্ন করি, ‘বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) মহিলা বাস সার্ভিসে না গিয়ে কেন এই লাইনে দাঁড়ালেন।’ তিনি জানালেন, এ ধরনের বাস সার্ভিসের তথ্যটি তাঁর জানা নেই।

নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৫ অক্টোবর এই বাসসেবা উদ্বোধন করা হয়। একটা সময় এই সেবার আওতায় সর্বোচ্চ ১২টি পর্যন্ত বাস চালু ছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকার ও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বাসসেবাকে নতুন করে গুরুত্ব দেওয়া হয়।

কমতে কমতে বিআরটিসি মহিলা বাস সার্ভিস বর্তমানে মাত্র চারটি পথে (রুটে) পাঁচটি গাড়ি দিয়ে চালু রয়েছে। কর্মজীবী নারীদের অভিযোগ, তাঁরা রাস্তায় নেমে এই বাসের দেখা পান না। আবার এই বাসে নিয়ম লঙ্ঘন করে পুরুষদের তোলা হয় নিয়মিত।

বিআরটিসির মহিলা বাস সার্ভিসকে ‘প্রহসনমূলক’ উল্লেখ করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, সারা দেশে গণপরিবহন ব্যবস্থাটা আন্তরিকতার সঙ্গে পরিচালিত হওয়া দরকার। নারীদের জন্য গণপরিবহনে নির্দিষ্ট আসনসংখ্যার বদলে ৫০ ভাগ আসন সংরক্ষণের দাবি জানান তিনি।

গত রোববার সকাল নয়টায় মালিবাগ মোড়ে প্রচণ্ড ভিড়ে এই বাসে দাঁড়িয়ে যেতে দেখা যায় অনেক নারীকে।

সন্তানসম্ভবা কাশফিয়া রশিদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি রামপুরার বাসা থেকে প্রতিদিন মতিঝিলে অফিসে যান। তাঁর দাবি, অফিস ছুটি পাঁচটায়, তাই মহিলা বাস যেন ঠিক পাঁচটায় ছাড়ে। সেই বাসে যেন শুধু নারীদের তোলা হয়।

যাত্রীর লোভে বাসে পুরুষ যাত্রী তোলা হয়, এমন অভিযোগ করলেন বাড্ডার আসিফা রহমান, রামপুরার রোকেয়া আক্তার, বাসাবোর নুসরাত নূপুরসহ অনেকেই। তাঁদের অভিযোগ, সাধারণ বাসে চালকেরা নারী যাত্রীদের তুলতে অনীহা দেখান। সে জন্য বিআরটিসির এই সেবা চালু হওয়ায় তাঁরা স্বস্তি বোধ করেছিলেন। কিন্তু বর্তমানে বেশির ভাগ বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা হতাশ।

মিরপুর থেকে মতিঝিল রুটে দুটি বাস চালু ছিল। এখন একটি চালু রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর থেকে মতিঝিল, খিলগাঁও তালতলা থেকে গুলিস্তান ও বাড্ডা নতুন বাজার থেকে জিরো পয়েন্ট পথে মোট পাঁচটি বাস চালু আছে।

জানতে চাইলে অতি অল্প সময়ের মধ্যে বন্ধ সব রুটে বাস চালুর আশ্বাস দেন বিআরটিসির পরিচালক (প্রশাসন) নিখিল রঞ্জন রায়।

যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, গত বছর হরতাল-অবরোধের সময় অনেক বাস ভাঙচুর করা হয়েছিল। কয়েকটি বাসের মেরামতকাজ চলছে। বন্ধ হয়ে যাওয়া রুটে বাস চালুর জন্য পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

এম এ এন সিদ্দিক জানান, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিআরটিসির প্রতিটি বাসে ১৩টি আসন বরাদ্দের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে বিআরটিসির বাসগুলোতে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নয়টি আসন বরাদ্দ রয়েছে।