আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পাঁচ দিন পরও ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বিআরটিসির বরাদ্দ করা সব কটি বাস এখনো চালু হয়নি। ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত ও ১৫টি শীতাতপ নিয়ন্ত্রনহীন বাস বরাদ্দ হলেও রাস্তায় হাতেগোনা মাত্র পাঁচ-ছয়টি বাস চলাচল করছে। ঢাকার গুলিস্তানে বিআরটিসি বাসের কোনো টিকিট কাউন্টার এখনো চালু না হওয়ায় যাত্রীদের টিকিট খুঁজতে হয়রানির শিকার হতে হচ্ছে।গতকাল রোববার সকালে শহরের খানপুরে অবস্থিত বিআরটিসির ডিপোতে গিয়ে দেখা যায়, দক্ষিণ কোরিয়া থেকে সদ্য আমদানি করা ১৮টি নতুন বাস ডিপোতে পড়ে আছে। ডিপোর কর্মচারীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথের জন্য ২৫টি নতুন বাস গত ৮ জুলাই নারায়ণগঞ্জ ডিপোতে এনে রাখা হয়। এক মাস বাসগুলো ডিপোতে পড়েছিল। অবশেষে ৯ আগস্ট বাস সেবা চালু হয়। আরও পাঁচটি বাস চট্টগ্রাম বন্দরে রয়েছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, কোনো মহল বিআরটিসির বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বৃহত্তর নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে। বাস চলাচলে বিআরটিসিকে সব ধরনের সহায়তা দিতে নাগরিক কমিটি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম প্রস্তুত রয়েছে। শহরের খানপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল হক বলেন, ‘প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ আমাকে কয়েকবার যাতায়াত করতে হয়। কিন্তু বেসরকারি পরিবহনের বাসগুলোর যে অবস্থা, তাতে একজন সুস্থ মানুষ ওই বাসে একবার যাতায়াত করলেই অসুস্থ হয়ে পড়বে। কারণ, ওইসব বাসের সিটগুলোর ওপর কাপড়ের কভারগুলোও বছরে একবার ধোয়া হয়েছে কি না সন্দেহ। অনেক বাস রাস্তার মাঝপথে বিকল হয়ে পড়ে। বাস থেকে যাত্রীদের নেমে ধাক্কা দিয়ে চালু করতে হয়।’ বেসরকারি একটি মুঠোফোন কোম্পানিতে চাকরি করেন জিন্নাত আরা পারভীন। তাঁকে প্রতিদিন সকাল সাতটার মধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিতে হয়; যদিও অফিস সাড়ে নয়টায়। তার পরও তিনি সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে পারেন না। বিআরটিসির বাস চালু হওয়ায় তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন; বিশেষ করে, নারীদের জন্য আলাদা বিআরটিসি বাস চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে অনেক কর্মজীবী নারী প্রতিদিন ঢাকায় গিয়ে অফিস করেন এবং অনেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যান। শহরের উত্তর চাষাঢ়ার বাসিন্দা রোমান আহম্মেদ বলেন, বিগত দিনে বিআরটিসির বাস চালু হলেও প্রভাবশালী পরিবহন সিন্ডিকেট ষড়যন্ত্র করে তা বন্ধ করে দিয়েছিল। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনো মহল ষড়যন্ত্র করে আবার বিআরটিসির বাস বন্ধ করে দিতে না পারে। ঢাকার মতিঝিলে একটি ব্যাংকে চাকরি করেন নারায়ণগঞ্জের আমলাপাড়ার বাসিন্দা মহিউদ্দিন ইউসুফ। তিনি বলেন, ‘বেসরকারি বাসের ভাড়া ২৭ টাকা। বিআরটিসির বাসের ভাড়া ২৫ টাকা হওয়ায় আশা করেছিলাম, প্রতিদিন বিআরটিসির বাসেই অফিসে যাতায়াত করব। এখন রাস্তায় তো বিআরটিসির বাসই দেখি না।’ বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মনিরুজ্জামান গতকাল দুপুরে টেলিফোনে প্রথম আলোকে বলেন, চালক সংকটের কারণে সব কটি বাস রাস্তায় নামানো যাচ্ছে না। বিআরটিসির প্রধান কার্যালয়ে চালক নিয়োগ ও প্রশিক্ষণের কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চাষাঢ়ায় টিকিট কাউন্টার রয়েছে। ঢাকার গুলিস্তানে টিকিট কাউন্টার বসানোর জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনারের (পূর্ব) কাছে আবেদন জানানো হয়েছে। অনুমতি পাওয়া গেলেই গুলিস্তানে টিকিট কাউন্টার চালু হবে। আপাতত বিআরটিসির কর্মচারীরা রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছেন। আসন্ন ঈদের আগেই সব কটি বাস রাস্তায় নামানো যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।