রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়ে ১১ জনকে হত্যার মামলায় বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারকে গতকাল রোববার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৈমুর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি।তৈমুর আলম খন্দকারকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, প্রয়োজনে তৈমুর আলমকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিআইডির জিজ্ঞাসাবাদে তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, বাস পোড়ানোর ঘটনার সময় তিনি ব্যাংককে ছিলেন। ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না। সিআইডির কর্মকর্তারা তাঁর কাছে ওই সময়ে ব্যাংককে অবস্থানের কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, ওগুলো হারিয়ে গেছে।সূত্র জানায়, পুড়িয়ে দেওয়া বাসটি ছিল বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) সরবরাহ করা। সুমন নামের এক ব্যক্তি বাসটি ইজারা নিয়ে চালাতেন। ঘটনার পর সংস্থার তৎকালীন চেয়ারম্যান সুমনকে ডেকে অভয় দিয়েছিলেন। তৈমুর আলমকে গতকাল এ বিষয়ে সিআইডির কর্মকর্তারা জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন।গুলিস্তান থেকে মিরপুরগামী বিআরটিসির একটি দোতলা বাসে ২০০৪ সালের ৪ জুন রাতে শেরাটন মোড়ের কাছে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ১১ জন পুড়ে মারা যায়। তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। সে সময় বিরোধী দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের জড়িয়ে চার ছিনতাইকারীকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর কাউকে অভিযুক্ত না করে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে।ঘটনাটি খতিয়ে দেখতে গত বছরের ৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেয়। বর্তমানে সিআইডি পুলিশ মামলাটি তদন্ত করছে।