বিআরটিসির ১০টি 'ডিজিটাল বাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াই-ফাই সুবিধাসংবলিত এ রকম ১০টি বাস নামানো হয়েছে ঢাকায় ।  ছবি: প্রথম আলো
ওয়াই-ফাই সুবিধাসংবলিত এ রকম ১০টি বাস নামানো হয়েছে ঢাকায় । ছবি: প্রথম আলো

ইন্টারনেট সুবিধা নিয়ে ঢাকার রাস্তায় নামল বিআরটিসি বাস। ওয়াই-ফাই সুবিধাসংবলিত বিআরটিসির ১০টি বাস গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে চলাচল শুরু করেছে। একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ফোন ও ট্যাবলেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে।
সূত্র জানায়, ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তিনিয়ন্ত্রিত নতুন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে ‘ডিজিটাল বাস’। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ গতকাল বিকেলে ফার্মগেট মোড়ে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ইউএনডিপি ও ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) কর্মসূচির কারিগরি সহায়তায় ডিজিটাল বাস চালু হয়েছে।
প্রথম দফায় ওয়াই-ফাই সুবিধাসংবলিত ১০টি বাস নামানো হলেও পর্যায়ক্রমে বিআরটিসির আরও বাসে এই প্রযুক্তি বসানো হবে। প্রতিটি বাসে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে দুটি রাউটার বসানো হয়েছে।
এ টু আই সূত্র জানায়, বিআরটিসির ডিজিটাল বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। বর্তমানে মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। বিষয়টি মাথায় রেখেই বাসে ওয়াই-ফাই যুক্ত করা হয়েছে।