বিআরটিসির ৪৫০ বাস ঈদে ঢাকা ছাড়বে, টিকিট ২০ জুন থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে ৪৫০ বাস চালু রাখবে। ২০ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপোতে এসব বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে।
বিআরটিসি সূত্র জানায়, আরও কিছু বাস আপত্কালীন সেবা দিতে বিভিন্ন ডিপোতে সংরক্ষিত থাকবে। এর মধ্যে মিরপুর ডিপো, নন্দন পার্কের সামনে, কল্যাণপুর ডিপো, মতিঝিল ডিপোতে পাঁচটি করে ও মোহাম্মদপুর ডিপোতে দুটি বাস আপত্কালীন সময়ের জন্য সংরক্ষিত থাকবে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব বাসের বেশির ভাগই দ্বিতল বাস। তবে শীতাতপনিয়ন্ত্রিত কোনো বাস নেই।
এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ২০ জুন থেকে রাজধানীতে বিআরটিসির বিভিন্ন ডিপোতে বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে। ঈদের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি হবে। চাইলে পুরো বাসও ভাড়া নেওয়া যাবে। তিনি জানান, ভাড়া তুলনামূলক কম বলে স্বল্প আয়ের মানুষ বিআরটিসি বাসে সবচেয়ে বেশি চলাচল করেন; বিশেষ করে পোশাককর্মী ও দিনমজুরেরা এসব বাসে বেশি যান।
অনেক সময় কর্মসূত্রে ঢাকায় থাকা একই এলাকার মানুষ বিআরটিসির পুরো একটি বাস ভাড়া করেন। তাঁরা এই বাস দিয়ে ঢাকার বাইরে যান, তেমনি আসার সময়ও একই বাস ব্যবহার করেন। তাঁদের সুবিধার জন্য বিআরটিসি বাস কর্তৃপক্ষ বিশেষ ছাড় দিয়ে থাকে।
সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা আবদুর রহিম। তিনি জানান, বিভিন্ন পোশাক কারখানায় তাঁদের এলাকার অনেক নারী-পুরুষ চাকরি করেন। ভাড়া কম হওয়ায় বেশ কয়েক বছর ধরে তাঁরা বিআরটিসির বাস ‘রিজার্ভ’ করে নেন। অনেক মানুষ একসঙ্গে যান বলে ভাড়াও কম পড়ে। তিনি বলেন, ‘আমাদের বেতন কম। অন্য বাসে গেলে আমাদের পোশায় না। অত ভাড়া কই পামো (পাব)। তাই আমরা বিআরটিসির বাস ভাড়া করে বাড়ি যাই। আবার ওই বাসত করে ফিরত আসি।’