বিআরটিসির ৮০টি নতুন বাস নামছে রাজধানীতে
রাজধানীতে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে নতুন ভাড়া কার্যকর হবে আজ শুক্রবার থেকে। নতুন হার অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের ভাড়া হবে পাঁচ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারে এক টাকা ৫৫ পয়সা।গতকাল গাজীপুরে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোরিয়া থেকে আমদানি করা ৮০টি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ ঘোষণা দেন।৪৭ আসনবিশিষ্ট নতুন ৮০টি বাস রাজধানীর বিভিন্ন পথে চলাচল করবে। গত বছর দক্ষিণ কোরিয়া থেকে ২৬৫টি নতুন বাস আমদানির চুক্তি করেছিল বিআরটিসি। প্রথম চালানের ৮০টি বাস গতকাল উদ্বোধন করা হয়। আগামী আগস্ট মাসের মধ্যে বাকি বাসগুলোও চলে আসবে বলে যোগাযোগমন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া সরকার এই বাসগুলোর অর্থ ঋণ হিসেবে দিয়েছে।ভারত সরকার প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণ সহায়তা থেকে সে দেশ থেকেও বিআরটিসির জন্য ৪৫০টি বাস কেনার প্রক্রিয়া চলছে। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বাসে বাড়তি ভাড়া আদায়ের জন্য মালিকদের সমালোচনা করেন। অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার পরিবহন খাতের চাঁদাবাজি অনেকাংশেই নিয়ন্ত্রণে এনেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চো, স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান প্রমুখ।