বিআরডিবির কর্মকর্তার কার্যালয়ে সাংসদ অনুসারীদের তালা!
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের কক্ষে স্থানীয় সাংসদ মুরাদ হাসানের অনুসারীরা তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে চেয়ারম্যানের কার্যালয় তিন দিন ধরে বন্ধ আছে।উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান কামাল হোসেন পাঠান গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ও কামাল হোসেন পাঠানের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন পাঠানকে লাঞ্ছিত করেন সাংসদ মুরাদ হাসানের ফুফাতো ভাই নূরে-ই-আলম। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ ৭ জানুয়ারি এক জরুরি সভা ডেকে নূরে-ই-আলমকে পৌর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করে। এর জের ধরে উপজেলা আওয়ামী লীগ ও সাংসদ মুরাদ হাসানের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত সোমবার দুপুরে সাংসদ মুরাদ হাসানের অনুসারী উপজেলা যুবলীগের সহসভাপতি খোরশেদ আলম উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান কামাল হোসেন পাঠানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে তিন দিন ধরে তাঁর কার্যালয় বন্ধ রয়েছে। সাংসদের অনুসারীরা চেয়ারম্যানের কক্ষের সামনে থেকে তাঁর নামফলকও ভেঙে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কামাল হোসেন পাঠান।এ বিষয়ে জানতে চাইলে যুবলীগের নেতা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমি কারও কক্ষে তালা দেইনি।’যোগাযোগ করা হলে সাংসদ মুরাদ হাসান বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’ইউএনও পারভেজ রায়হান বলেন, ‘কামাল হোসেন পাঠান আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’