বিআরডিবির জায়গায় উপজেলা পরিষদের বিপণিবিতান
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিআরডিবির উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ধুনট-সোনামুখী সড়কের পূর্বপাশে বিআরডিবির এক একর জায়গা রয়েছে। বিআরডিবির প্রতিষ্ঠাকাল থেকেই এই জায়গায় তাদের অফিসের কার্যক্রম চলছে। গত ২২ আগস্ট আকস্মিকভাবে উপজেলা পরিষদের নামে এই জায়গায় মার্কেট নির্মাণের কাজ শুরু হয়েছে। এখানে ১৩ ফুট দীর্ঘ ও ৯ ফুট প্রস্থ মোট ১৮টি দোকানঘর নির্মাণের কাজ চলছে। প্রতিটি দোকানঘর বরাদ্দ বাবদ ৫০ হাজার থেকে ৭০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দোকানঘর বরাদ্দ নেওয়া একাধিক ব্যবসায়ী জানান, আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে ৭০ হাজার করে টাকা দিয়ে দোকানঘর বরাদ্দ নিয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত হিসাব সহকারী জহুরুল ইসলাম জানান, প্রতিটি দোকানঘরের জন্য পরিষদের হিসাবে ১০ হাজার টাকা করে জমা পাওয়া গেছে।বিআরডিবির উপজেলা কর্মকর্তা লোকমান আলী বলেন, কাউকে কিছু না জানিয়ে কয়েক দিন অগে হঠাৎ উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের জায়গায় মার্কেট নির্মাণ করছে। আমি মার্কেট নির্মাণকাজ বন্ধ করতে গত ২৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু মার্কেট নির্মাণকাজ এখনো চলছেই। বিআরডিবির ধুনট শাখার চেয়ারম্যান শামছউদ্দীন মল্লিক বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই উপজেলা চেয়ারম্যান তাঁর ক্ষমতার বলে বিআরডিবির জায়গা দখলে নিয়ে মার্কেট নির্মাণ করছেন। আমার এখানে কী করার আছে!’ধুনট পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশা বলেন, ‘বিআরডিবির জায়গায় মার্কেট নির্মাণ নিয়ে আমার সঙ্গে উপজেলা পরিষদের কোনো কথা হয়নি। দোকানঘর বরাদ্দ দিয়ে টাকা নেওয়ার কথা শুনেছি। কিন্তু কত টাকা করে নিয়েছে তা আমার জানা নেই।’ইউএনও আতাউল গনি বলেন, ‘আমি এখানে যোগদানের আগেই উপজেলা পরিষদের নামে পরিকল্পনা ও সমন্বয় কমিটির সিদ্ধান্ত নিয়ে সেখানে মার্কেট নির্মাণের কাজ করা হচ্ছে। বিআরডিবির কর্মকর্তার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।’উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক বলেন, ‘আমার কাছে একটি আবেদন দিয়েছে। আমি তাদের বৈধ কাগজপত্র দেখাতে বলেছি। তারা এখন পর্যন্ত কাগজপত্র দেখাতে পারেনি। তাই মার্কেট নির্মাণ অব্যাহত রয়েছে।’