বিআরডিবির পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষায় আসনবিন্যাসে অব্যবস্থাপনা, এক প্রশ্নপত্রে একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে বিআরডিবির যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) স্বপন কুমার নাথ পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। পরে বিআরডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
ওই কেন্দ্রে পরীক্ষার্থী মো. ওয়াসিম আকরাম বলেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে গিয়ে দেখা যায়, প্রবেশপত্রের রোল নম্বর অনুযায়ী আসনবিন্যাস করা হয়নি। এ কারণে কক্ষ খুঁজে পেতে ভোগান্তিতে পড়তে হয়। আবার কক্ষগুলোতে আসনের চেয়ে অনেক বেশি পরীক্ষার্থী ছিলেন। এ কারণে অনেকে বসার আসনই পাননি। পরে পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এরপর পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকেরাও বিভিন্ন কক্ষ থেকে বের হয়ে আসেন।
ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কাকরাইলের রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। ওই কেন্দ্রে দায়িত্বরত বিআরডিবির কর্মকর্তাদের তাঁরা অবরোধ করে রাখেন। পরে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। আমিনুল ইসলাম নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘পল্লী উন্নয়ন বোর্ড যতবার পরীক্ষা নিয়েছে, ততবার প্রশ্ন ফাঁস হয়েছে। আসন পরিকল্পনাতেও সমস্যা। বসতে হয়েছে গাদাগাদি করে।’ রাশেদুল ইসলাম নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘প্রশ্নপত্র কম থাকায় একই প্রশ্ন দিয়ে একাধিক প্রার্থীকে পরীক্ষা দিতে হয়েছে। এভাবে কি নিয়োগ পরীক্ষা হয়? তাই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি।’
ইউআরডিওর ১৮ পদের পরীক্ষা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে অনুষ্ঠিত হয়।