বিইআরসিকে ছাড়াই বাড়ানো হলো ফার্নেস অয়েলের দাম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাস কাটিয়ে, মাত্র আড়াই মাসের ব্যবধানে সরকার নির্বাহী আদেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে। এবার লিটারপ্রতি বাড়ানো হয়েছে পাঁচ টাকা। গত বৃহস্পতিবার সরকারি তথ্যবিবরণীতে দাম বাড়ানোর কথা জানানো হয়। ৬ এপ্রিল রাত ১২টার পর এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে।ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম এখন ৪০ টাকা হলো। এর আগে ২৪ জানুয়ারি প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ২৬ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়।বিইআরসি আইন ২০০৩ অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো-কমানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিইআরসির। সংশ্লিষ্ট সংস্থা এ বিষয়ে আবেদন করলে বিইআরসি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।এ রকম বিধান সত্ত্বেও বিইআরসিকে পাশ কাটিয়ে দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মোক্তাদীর আলী প্রথম আলোকে বলেন, এই দাম পুনর্ির্নর্ধারণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। বর্তমানে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে বিপিসির ব্যয় হয় প্রায় ৫৬ টাকা। বিদ্যুৎকেন্দ্রসহ শিল্পকারখানায় ফার্নেস অয়েলের ব্যবহার অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে বিপিসির লোকসান অত্যধিক বেড়ে যাওয়ায় সরকারকে জরুরিভিত্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।তবে বিইআরসি আইনে এ ধরনের জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কেও বিধান রয়েছে। এ ক্ষেত্রে বিইআরসি উন্মুক্ত সভা, গণশুনানি প্রভৃতি সময়সাপেক্ষ প্রক্রিয়া ছাড়াই দাম বাড়াতে-কমাতে পারে।বর্তমান সরকার ফার্নেস অয়েলভিত্তিক অনেক নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। কেবল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য ফেব্রুয়ারি মাসে ফার্নেস অয়েলের চাহিদা ছিল ৩৯ হাজার টন, যা চলতি এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৯১ হাজার টনেরও বেশি। আরও নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় জুলাই-আগস্ট মাসে ফার্নেস অয়েলের চাহিদা হবে প্রায় দেড় লাখ টন। এ ছাড়া গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানও ফার্নেস অয়েল দিয়ে চালানো হচ্ছে।বর্তমানে বিপিসির পরিচালনাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) বছরে প্রায় ১২ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে ফার্নেস অয়েল পাওয়া যায় প্রায় তিন লাখ টন। চাহিদার বাকি অংশ আমদানি করতে হচ্ছে। কাজেই এ ক্ষেত্রে বিপিসির ওপর আর্থিক চাপও প্রচণ্ড।