বিইআরসির চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এবং সদস্যদের নাকে খত দিয়ে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘বিইআরসি একটি পুতুল, নিধিরাম সর্দার প্রতিষ্ঠান। সরকার যেভাবে দেখতে চায়, সেভাবেই এই প্রতিষ্ঠান কাজ করে।’
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘জনতার গণশুনানি’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এ কথা বলেন।
৭ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গ্যাস খাতের বিভিন্ন কোম্পানির গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি করে বিইআরসি।
আনু মুহাম্মদ বলেন, বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করলে সরকারের কিছু টাকা বেঁচে যাবে আর জনতার শুনানির নামে মিথ্যাচারও বন্ধ হবে। গ্যাস সম্পদ জনতার সম্পদ। অথচ অপচয় আর ভুল নীতির কারণে কিছুদিন পরপর গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। দেশি প্রতিষ্ঠান যেখানে অল্প অর্থে কাজ করতে পারে, সেখানে ১০ গুণ বেশি অর্থ খরচ করে বিদেশি কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলন করে সরকার।
আনু মুহাম্মদ অভিযোগ করেন, ‘সরকার দেশি-বিদেশি কোম্পানির স্বার্থের দিক বিবেচনা করে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে চাচ্ছে। স্থলভাগের গ্যাস অনুসন্ধানের জন্য সরকার বিদেশি কোম্পানি নিয়োগের পাঁয়তারা করছে। অথচ এই বিদেশি কোম্পানি আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট করেছে।’
বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, গ্যাসের দাম কমিয়ে নীতিমালার পরিবর্তন এবং জাতীয় মালিকানায় গ্যাস উত্তোলন ও সংগ্রহের সুপারিশ করেন আনু মুহাম্মদ।
জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘বিইআরসি এমন একটি প্রতিষ্ঠান, যেটি জনতার জন্য আদালতের ভূমিকা পালন করে। অথচ কখনোই এই প্রতিষ্ঠানের শুনানি জনতার পক্ষে যায় না। যতবারই শুনানি হয়েছে, ততবারই সরকারের পক্ষে রায় গেছে।’
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রমুখ।