বিদ্যুতের মূল্যবৃদ্ধির পদক্ষেপ বাতিলের দাবিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত দলের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সভাপতির বক্তব্যে বলেন, সরকার সাময়িক ব্যবস্থা হিসেবে কুইক রেন্টাল পদ্ধতি চালু করলেও তা এখন স্থায়ী রূপ দিতে যাচ্ছে। এ পদ্ধতি চালুর সময় দাম কমানোর আশ্বাস দিলেও এখন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় সংহতি জানিয়ে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রকৌশলী ম. ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।
এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে বলে মনে করেন জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্টের নেতারা। গতকাল বামপন্থী এ চারটি সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
আজও গণ-অবস্থান: একই দাবিতে আজ বুধবার একই স্থানে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত গণ-অবস্থান করবে সিপিবি-বাসদ।