বিদ্যুতের মূল্যবৃদ্ধির পদক্ষেপ বাতিলের দাবিতে আগামী ৪ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে গণসংহতি আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মার্চ বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ ও সমাবেশ চলবে। কর্মসূচি সফল করতে আজ শুক্রবার থেকে ৩ মার্চ পর্যন্ত রাজধানীতে পদযাত্রা ও গণসংযোগ করবেন সংগঠনের নেতারা। আজ তাঁরা মিরপুর ও কেরানীগঞ্জে গণসংযোগ, আগামীকাল জাতীয় প্রেসক্লাব থেকে নবাবপুরে পদযাত্রা, রোববার শাহবাগ থেকে আজিমপুরে পদযাত্রা ও সোমবার মতিঝিল, পল্টন, মালিবাগে গণসংযোগ করবেন।
সভায় বক্তারা বলেন, কুইক রেন্টালের লুটপাটের দায় মেটাতে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আবারও দাম বাড়ানোর তৎপরতা চলছে। সরকারের ঘোষণা অনুযায়ী ২০১৪ সালে দাম কমার কথা থাকলেও বাস্তবে উল্টো ঘটনা ঘটছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সমন্বয় পরিষদের আবদুস সালাম, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, প্রবীর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।