বিইউপি থেকে মামুন খালেদের পিএইচডি ডিগ্রি অর্জন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে প্রথম গবেষক হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ। তাঁর গবেষণা অভিসন্দর্ভের বিষয় ছিল, ‘চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন ইন অর্গানাইজেশনস অব বাংলাদেশ’।
শেখ মামুন খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্যের তত্ত্বাবধানে গবেষণাকর্ম সম্পন্ন করেন। তাঁর বহিস্থ পরীক্ষক ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী এবং অধ্যাপক ড. শামিম আহমেদ, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, ভারত। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিইউপির ২৮তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৪তম সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়টি অনুমোদিত হয়।
২০০৮ সালে বিইউপি প্রতিষ্ঠিত হয়। ২০১১ থেকে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করা হয়। বর্তমানে এমফিল প্রোগ্রামে ১৪১ জন ও পিএইচডি প্রোগ্রামে ৮০ জনসহ মোট ২২১ জন গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি।