
খুলনার শিশু রাকিব হত্যা মামলার রায়ে সন্তুষ্ট হতে পারেননি তার পরিবারের সদস্য ও এলাকাবাসী। তাঁরা রায় শোনার পরপরই আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। প্রধান আসামি মো. শরীফের মা বিউটি বেগমেরও শাস্তি দাবি করে তাঁরা বলেছেন, বিউটি বেগমের কারণেই রাকিবকে নির্মমভাবে মরতে হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে রায় ঘোষণা হয়। রায় শোনার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয় আদালত চত্বরে। সবাই স্লোগান দেন, ‘এ রায় মানি না, বিউটির ফাঁসি চাই’। বিক্ষোভকারীরা কয়েক দফা আদালত চত্বরের বাইরে সড়কটিও অবরোধের চেষ্টা করেন।
রায় ঘোষণার পর বেলা ১টা ১০ মিনিটে আসামিদের আদালত থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে হামলার চেষ্টা করে। কেউ কেউ গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে। পরে পুলিশ তাদের সরিয়ে গাড়ি নিয়ে চলে যায়।
আদালত চত্বরে রাকিবের বাবা নুরুল আলম বলেন, ‘মিন্টু ও শরীফের ফাঁসি হয়েছে আমি সন্তুষ্ট। তবে উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে, তার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
অন্যতম আসামি বিউটি বেগম খালাস পাওয়ায় কাঁদতে কাঁদতে রাকিবের বাবা বলেন, ‘বিউটির কারণেই আমার ছেলেকে মরতে হয়েছে। তাই বিউটির শাস্তির জন্য আমি সরকারের কাছে আবেদন করব।’
বিউটি বেগমের শাস্তি না হওয়ায় রায় প্রত্যাখ্যান করেছেন রাকিবের মা লাকী বেগম। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এত দিন অপেক্ষা করেছি আসামিদের ফাঁসির রায় শোনার জন্য। কিন্তু বিউটি বাদে অন্যদের ফাঁসির রায় হয়েছে। এ রায় আমি মানি না।’ এসব কথা বলতে বলতেই লাকী বেগম আদালত চত্বরে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।

আলোচিত এ মামলার রায় ঘোষণা উপলক্ষে গতকাল সকাল থেকেই মহানগর দায়রা জজ আদালতে জড়ো হতে থাকেন এলাকাবাসী ও উৎসুক জনতা। তাঁরা আদালতের সামনের রাস্তায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। বেলা ১১টা ৫০ মিনিটে আসামিদের আদালতে নিয়ে আসা হলে বিক্ষোভকারীরা তখন আরও উত্তেজিত হয়ে ওঠেন। কেউ কেউ আসামিদের মারতেও উদ্যত হন।
রায়ের খবর শুনে আদালত চত্বরে খুলনা নগরের টুটপাড়া এলাকার বাসিন্দা মজিদ মোড়ল বলেন, ‘যত দূর শুনেছি তাতে ঘটনার সঙ্গে শরীফের মা বিউটি জড়িত ছিল। তাই তারও কমপক্ষে যাবজ্জীবন হওয়া দরকার ছিল।’
প্রায় অভিন্ন সুরে ক্ষোভ ঝাড়লেন রাকিবের দূর সম্পর্কের খালা ও প্রতিবেশী বিউটি। তিনিও বলেন, ‘আসামি বিউটির জন্যই রাকিব হত্যা হয়েছে। সুতরাং তাঁরও ফাঁসি চাই। প্রয়োজনে এলাকায় আবার আন্দোলন করা হবে।’
খুলনায় ইউনিসেফের আর্থিক সহায়তায় শিশুদের নিয়ে কাজ করে ‘রূপান্তর’ নামের একটি সংস্থা। এটির নির্বাহী পরিচালক স্বপন গুহ দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করায় বিচার বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাকিবকে যেভাবে হত্যা করা হয়েছে, তা খুবই বর্বরোচিত। দেশে ন্যায়বিচার না থাকলে মানুষের আস্থা থাকে না। রায়ে অসন্তুষ্ট হলেও দ্রুততম সময়ের মধ্যে মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে মানুষ। তাদের দাবি, মাত্র ১০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করা দেশের ইতিহাসে বিরল। খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, দ্রুততম সময়ের মধ্যে দেওয়া এ রায় এক অনন্য উদাহরণ। এমন চলতে থাকলে দেশে অপরাধপ্রবণতা কমে আসবে।
রায় নিয়ে সতর্ক মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম। তিনি বলেন, ‘বিজ্ঞ আদালত সব জেনেশুনেই রায় দিয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট। বিউটি বেগমের খালাসের ব্যাপারে রায়ের কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী বলেছেন, প্রমাণের ভিত্তিতে এ রায় হয়নি। সাক্ষীরা কেউ দেখেনি, সবাই শুনে সাক্ষী দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।