বিউটিফিকেশন ও সেলাই প্রশিক্ষণ নিলেন ৪০ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাকরি করব না, চাকরি দেব’ মন্ত্রে উজ্জীবিত হয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় লালমনিরহাটে বেসিক সেলাই কাটিং ও বেসিক বিউটিফিকেশন প্রশিক্ষণ নিলেন ৪০ নারী। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট শহরের পুরোনো বাজার রোডের চেম্বার ভবনে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ প্রশিক্ষণের ব্যবস্থা করে। লালমনিরহাট চেম্বার ভবনে ৩ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই ৪০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ চারজন প্রশিক্ষক ওই প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ নেওয়া কয়েকজন নারী সূত্রে জানা গেছে, গতকাল সকালে চেম্বার ভবনে ওই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. দেলোয়ার হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম। বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষক দিলরুবা হোসনা, প্রশিক্ষণ গ্রহণকারী আবিদা সুলতানা প্রমুখ।
শেখ আবদুল হামিদ ও সেলোয়ারা বেগম বলেন, বেসিক সেলাই কাটিং প্রশিক্ষণ গ্রহণকারী ২০ জন নারীকে পরবর্তী সময়ে বিনা মূল্যে সেলাই মেশিন ও বেসিক বিউটিফিকেশন প্রশিক্ষণ গ্রহণকারী ২০ জন নারীকে বিউটিফিকেশন কিডস বক্স ও অন্যান্য উপকরণ বিনা মূল্যে দেওয়া হবে।