বিউটিশিয়ানের মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারলারে রাতের পালায় কাজ শেষে বাসায় ফেরার পথে বিউটিশিয়ানের মুখে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সিলেট নগরের চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিউটিশিয়ানকে (২৫) রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়েছে জানিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মুখের একাংশ অনেকটা অ্যাসিডে পোড়ার মতো কালচে আকার ধারণ করেছে।
মেয়েটি জানান, মুখে তৈলাক্ত কিছু পড়েছে ভেবে বাসায় গিয়ে পানি দিয়ে মোছেন। তখন জ্বালা-পোড়া অনুভূত হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির এসআই আশরাফুল ইসলাম জানান, দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।