বিউবোর কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
চট্টগ্রামের পটিয়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এ সময় তাঁরা বিউবোর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলকে কোম্পানিতে রূপান্তর করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেন।
পিডিবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গতকাল সারা দেশে কর্মবিরতির ডাক দেয়। এ ডাকে সাড়া দিয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া কার্যালয়ে গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এদিকে কর্মবিরতি চলাকালে দুপুরে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে মিছিল করে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখানে একটি সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) পটিয়ার সভাপতি মো. কুদ্দুছুর রহমান চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, পিডিবিকে কোনো অবস্থাতেই কোম্পানিতে রূপান্তর করতে দেওয়া হবে না।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিবিএর পটিয়ার সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিতরণ বিভাগ পটিয়ার সহকারী প্রকৌশলী মো. জাকের সারোয়ার খান, সহকারী প্রকৌশলী আ স ম রেজাউন নবী, শ্রমিকনেতা শাহাব উদ্দীন প্রমুখ।