বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এ পর্যন্ত ২০২টি ফসলের প্রায় ৩৯৩টি উন্নত জাত ও ফসল ব্যবস্থাপনাবিষয়ক ৪৪২টি টেকসই প্রযুক্তি উদ্ভাবন করেছে। একই সঙ্গে শীত-সহনশীল ধানের জাত উদ্ভাবন ও কৃষি যান্ত্রিকীকরণের জন্য দক্ষিণ কোরিয়ার সহায়তায় কাজ চলছে।
গতকাল সোমবার গাজীপুরে বিএআরআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ওই তথ্য জানানো হয়।
কর্মশালায় বিএআরআইয়ের গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আবদুল মান্নান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) মো. খালেদ সুলতান, ইমেরিটাস বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা। অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক, পরিচালক, বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ বিভাগের ৫০০ বিজ্ঞানী ও বিশেষজ্ঞ অংশ নেন।