বিএএফ ঘাঁটি জহুরুল হককে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ঘাঁটি জহুরুল হককে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেছেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশপ্রেম ও পেশাগত দক্ষতার মাধ্যমে ঘাঁটিটি ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সম্মান, সুনাম ও গৌরব সমুন্নত রাখবে।

আজ শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীকে সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর করতে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই আমরা বিমানবাহিনীকে আরও আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনসাল্লাহ।’

চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলসহ সমুদ্রসীমার সার্বিক নিরাপত্তার প্রয়োজনে স্বাধীনতার পর স্থাপিত হয়।
ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক বিমান ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ সায়েদুর রহমান কুচকাওয়াজ পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারি ও ঘাঁটির কমান্ডিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। কুচকাওয়াজকালে প্রধানমন্ত্রীকে ‘ন্যাশনাল স্যালুট’ প্রদান করা হয়। বাসস।