বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের রজতজয়ন্তী উদ্যাপন
‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।’ বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের (বিএএফ সেমস্) রজতজয়ন্তী উৎসব-মঞ্চে শিক্ষকদের কণ্ঠে রবীন্দ্রনাথের এই গানটি উৎসবের মেজাজের সঙ্গে মিলে যায়। সকালের আনুষ্ঠানিক পর্বের পর বিকেলে এসে পুনর্মিলনীতে রূপ নেয় স্কুলের ২৫ বছর পূর্তির আয়োজনটি।
বিএএফ সেমস গতকাল বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের রজতজয়ন্তী উদ্যাপন করে। বিএএফ শাহীন কলেজ মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদ। তিনি বলেন, ২৫ বছর ধরে এ প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ তৈরিতে কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম বয়ে আনছে বিএএফ সেমস্-এর শিক্ষার্থীরা। প্রধান অতিথি আবু এসরার উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই আয়োজন নতুন-পুরোনো সব শিক্ষার্থীকে আবার একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠান যোগ্য নাগরিক তৈরিতে জোর দেয় যাতে শিক্ষার্থীরা সমাজের উন্নয়নে কাজ করতে পারে। দুই বছরের মধ্যে স্কুলের কারিকুলাম ‘এ’ লেভেল পর্যন্ত উন্নীত করার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে স্কুল পরিচালনায় বিশেষ অবদানের জন্য দুই শিক্ষক আরশেদা খাতুন ও তানিয়া আবিদকে সম্মাননা দেওয়া হয়।