বিএডিসির কাছে ২৮ কোটি টাকা পাবে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে ধানবীজ বিক্রি করে বিপাকে পড়েছেন প্রায় ১০ হাজার কৃষক। এ বছর বোরো মৌসুমে বিক্রীত ধানবীজ বাবদ প্রতিষ্ঠানটির কাছে কৃষকদের এ পর্যন্ত ২৮ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা পাওনা আছে।
কৃষকেরা বলেন, কত দিনে টাকা পাওয়া যাবে, তা স্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করে বলতে পারছেন না। কোরবানির ঈদের আগে বকেয়া টাকা পাওয়া না গেলে তাঁদের ঈদের আনন্দ মাটি হয়ে যাবে। অন্যদিকে আমনবীজ উৎপাদন ঝুঁকিতে পড়বে। শিগগিরই টাকা পাওয়া না গেলে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হবে।
বিএডিসি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিএডিসি চুক্তিবদ্ধ কৃষকদের দিয়ে এসব বীজ উৎপাদন, সংগ্রহ ও বিপণন করে। এ বছরও তিনটি প্রতিষ্ঠান ১০ হাজার কৃষকের কাছ থেকে মোট ১০ হাজার ৬০৭ মেট্রিক টন বিআর-১৬, বিআর-২৬, বিআর-৪৪, ব্রি-২৮ জাতের ধানবীজ সংগ্রহ করে। ৩১ টাকা দরে ১০ হাজার ৪৯৫ মেট্রিক টন এবং ৩০ টাকা ৫০ পয়সা দরে ১১২ মেট্রিক টন ধানবীজ বিক্রি বাবদ কৃষকদের মোট পাওনা দাঁড়ায় ৩২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা।
তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন কৃষকদের কাছ থেকে সবচেয়ে বেশি বীজ সংগ্রহ করে। কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ আট হাজার কৃষকের কাছ থেকে ৬ হাজার ৭৯৬ মেট্রিক টন ধানবীজ সংগ্রহ করে; যার ক্রয়মূল্য ২১ কোটি ৬ লাখ ৭৬ হাজার টাকা। কৃষকদের কয়েকজন বলেন, অন্যান্য বছর ৩০ জুনের মধ্যে পাওনা পরিশোধ করা হলেও ৫ সেপ্টেম্বর পর্যন্ত কোনো কৃষক একটি টাকাও পাননি।
সিদ্দিকুর রহমান ও মো. শাহাবুদ্দিন নামের দুজন কৃষক অভিযোগ করেন, ‘জুন মাসের পর থেকে দুই মাসেরও বেশি সময় ধরে কার্যালয়ে ঘুরে হয়রানি হয়েছি। টাকা তো পাইনি, এমনকি আশ্বাস দেয়নি কবে নাগাদ পাওয়া যাবে।’
কৃষক আবুল কালাম আজাদ বলেন, দ্রুত টাকা পাওয়া না গেলে কৃষকেরা আন্দোলনে নামবেন।
সদ্য যোগদানকারী কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক মোরশেদুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে টাকা না পাওয়ায় কৃষকদের দেওয়া সম্ভব হয়নি। টাকার জন্য উচ্চপর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। ছাড় হলেই তা দ্রুত পরিশোধ করা হবে।’
বিএডিসির ধান, গম, ভুট্টা, উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র চুক্তিবদ্ধ ৬৮৫ কৃষকের কাছ থেকে ২ হাজার ২৭৮ মেট্রিক টন বীজ সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানটির উপপরিচালক তাজুল ইসলাম ভূঞা বলেন, কৃষকদের এ পর্যন্ত ৩ কোটি ৬২ লাখ ৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বকেয়া রয়েছে আরও ৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা। এই টাকা কত দিনে পরিশোধ করা হবে, তা তিনি জানাতে পারেননি।
এ ছাড়া আপৎকালীন ক্রয়কেন্দ্র ১ হাজার ৫৩৩ মেট্রিক টন বীজ সংগ্রহ করেছে; যার মূল্য ৪ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা। কেন্দ্রের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবদুর রহমান চৌধুরী বলেন, কৃষকদের এ পর্যন্ত ১ কোটি ২৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। আর পাওনা রয়েছে আরও ৩ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকা।
বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আমিনুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ১৫ অক্টোবরের মধ্যে কৃষকদের বীজের মূল্য পর্যায়ক্রমে পরিশোধের সম্ভাবনা রয়েছে। বরাদ্দ ছাড় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।