বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ধানবীজ নিয়ে কৃষকেরা প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ১০ দিনের মধ্যে সংসদীয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল যশোরের বাঘারপাড়ার গাইটঘাট কৃষি তথ্য ও প্রযুক্তি সেবাকেন্দ্র চত্বরে আয়োজিত ‘কৃষকের বাজেটে কৃষকের মতামতবিষয়ক গণশুনানি’ অনুষ্ঠানে উপজেলার কৃষক মশিউর রহমান এ অভিযোগটি করেন। কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হেমায়েত হোসেনকে আহ্বায়ক, বিএডিসির উপপরিচালককে সদস্যসচিব এবং অভিযোগকারী কৃষককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ দিনের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির কাছে তদন্ত প্রতিবেদন পাঠাতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া পাট বিক্রি করার সময় আড়তদারেরা কৃষকদের কাছ থেকে জোর করে ওজনের অতিরিক্ত পাট নিয়ে নিচ্ছে—কৃষকেরা এমন অভিযোগ করলে অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (হাকিম) জহুরুল হককে তাৎক্ষণিক স্থানীয় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্দেশ দেয় সংসদীয় কমিটি। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান বলেন, সরকারি পর্যায়ে কৃষকের বাজেটে কৃষকের মতামতবিষয়ক গণশুনানি অনুষ্ঠান একটি নতুন ধারণা। এ অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কৃষকের সমস্যা ও সমাধানের পরামর্শ শুনে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসএইডের অধীনে প্রদীপ প্রকল্পের আর্থিক সহায়তায় এ অনুষ্ঠানে যশোর জেলার চার শতাধিক কিষান-কিষানি অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি উপদেষ্টা সি এস করিম, কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ শাহ জিকরুল আহমেদ, মনিরুল ইসলাম, নূরজাহান বেগম, জাহানারা বেগম প্রমুখ।