বিএডিসির ধানবীজের অঙ্কুরোদ্গম হচ্ছে না
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একমাত্র সুপার হাইব্রিড এসএল-৮ এইচ ধানবীজ থেকে ঠিকমতো অঙ্কুরোদ্গম হচ্ছে না বলে কৃষকেরা অভিযোগ করেছেন। ওই ধানবীজ ফেরত দিয়ে ভালো বীজ পেতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন কৃষকেরা।
তবে বিএডিসির কর্মকর্তারা বলছেন, অঙ্কুরোদ্গম না হওয়া ওই ধানবীজ পরিবর্তন করে ভালো বীজ সরবরাহ করা হচ্ছে। তাঁরা জানান, বীজে কোনোরকম সমস্যা নেই। কৃষক সঠিক নিয়ম অনুসরণ না করে ধানবীজ পানিতে ভেজানোর কারণে অঙ্কুরোদ্গম কম হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বিএডিসির যশোর কার্যালয় সূত্র জানায়, ফিলিপাইনের এসএল এগ্রিটেক করপোরেশনের কারিগরি সহায়তায় বিএডিসি তাদের বিভিন্ন উৎপাদন খামারে সুপার হাইব্রিড ধানবীজ এসএল-৮ এইচ উৎপাদন এবং বাজারজাত করছে। এই বীজের অঙ্কুরোদ্গম ও ধানের ফলন খুবই ভালো। বাজারের অন্যান্য ধানবীজের চেয়ে এর দামও কম। এ জন্য এই বীজের ব্যাপক চাহিদা রয়েছে। সূত্র জানায়, বিএডিসির যশোর কার্যালয় থেকে বিএডিসির বিভিন্ন খামারে উৎপাদিত ধানবীজ ডিলারের মাধ্যমে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলে কৃষকদের মধ্যে সরবরাহ করা হয়। এ বছর চারটি বীজ উৎপাদন খামার থেকে সরবরাহ পাওয়া ১৯৮ মেট্রিক টন ধানবীজ চারটি জেলার ডিলারদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে না—কৃষকদের এমন অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে পাঁচ মেট্রিক টন ধানবীজ ফেরত নিয়ে ভালো বীজ সরবরাহ করেছে বিএডিসি।
কৃষকেরা বলছেন, পানিতে ভিজিয়ে রাখার পর ওই ধানবীজ থেকে ২৫ থেকে ৫০ শতাংশ অঙ্কুরোদ্গম হচ্ছে। এরপর অঙ্কুরিত চারা আর বড় হচ্ছে না। অঙ্কুরোদ্গম না হওয়া ধান পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাঁরা জানান, ঝিনাইদহের গোকুলনগর বীজ উৎপাদন খামারের বীজে এ সমস্যা বেশি। একই জেলার কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামার এবং পাথিলা বীজ উৎপাদন খামারের কিছু কিছু বীজে এ সমস্যা হচ্ছে বলেও তাঁরা জানান।
অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের কৃষক অশোক সরকার বলেন, ‘আমি ২০ কেজি ধানের বীজ কিনেছিলাম। আমার মাত্র চার আনা বীজ গজাইছে (অঙ্কুরোদ্গম)। ১২ আনা ধান পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই বীজ আমি ফেরত দিয়েছি।’ সড়াডাঙ্গা গ্রামের কৃষক বিমল মজুমদার বলেন, ‘আমার আট কেজি ধানবীজ থেকে সামান্য পরিমাণ বীজ গজাইছে। বাকি বীজ পচে গেছে। ডিলার ওই বীজ ফেরত নিচ্ছে না।’
অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক মোল্যা বলেন, ‘কৃষকদের অনুরোধে সরেজমিনে দেখেছি বিএডিসির তিনটি খামারের ওই বীজ তেমন গজায়নি। এতে কৃষকেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএডিসি মাত্র একটি খামারের অল্প কিছু বীজ পরিবর্তন করে দিয়েছে।’
বিএডিসির ডিলার মো. ফরিদ সরদার বলেন, ‘আমি আড়াই টন বীজ বিক্রি করেছিলাম। এর মধ্যে এক টন বীজ ঠিকমতো গজায়নি বলে অভিযোগ দিয়ে কৃষক ফেরত দিয়েছেন। বিএডিসি ওই বীজের বদলে ভালো বীজ দিয়েছে।’
গোকুলনগর বীজ উৎপাদন খামারের উপপরিচালক দেবদাস সাহা প্রথম আলোকে বলেন, ‘বীজে কোনো সমস্যা নেই। দুই থেকে তিন স্তরে পরীক্ষা করার পর আমরা বীজ বাজারজাত করি। আমরা প্রতি বস্তা ধানবীজের সঙ্গে অঙ্কুরোদ্গম পদ্ধতির নিয়মকানুনের একটি লিফলেট দিই। কিন্তু বেশির ভাগ কৃষক এই ধানচাষে নতুন হওয়ায় তাঁরা বীজ পানিতে ভেজানো এবং পরিষ্কার করা সম্পর্কিত নিয়ম-নীতি অনুসরণ করেন না। এ জন্য অঙ্কুরোদ্গম কিছুটা কম হয়েছে। অভিযোগ পাওয়ার পর ওই বীজ পরীক্ষা করে আমরা অঙ্কুরোদ্গমের হার ৮০ শতাংশেরও বেশি পেয়েছি।’
বিএডিসি যশোরের উপপরিচালক (বীজ বিপণন) প্রশান্ত কুমার সাহা বলেন, ‘চারটি জেলা থেকেই কিছু অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে পাঁচ টন ধানবীজ আমরা বদলে দিয়েছি। আপত্তি পেলে আরও বীজ বদলে দেওয়া হবে।’ তিনি বলেন, সমস্যাটি বীজের নয়। ঠিকমতো নিয়মনীতি অনুসরণ করে ধান ভেজালে ও পরিষ্কার করলে এ সমস্যা থাকবে না। এতে কৃষকের আতঙ্কিত হওয়ার কিছু নেই।