বিএডিসির নকল মোড়কে নিম্নমানের বীজ
চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসির) নকল মোড়কে নিম্নমানের ভুট্টাবীজ বিক্রি হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র অবাধে তা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার এক কৃষক বিএডিসির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর ৪২ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে বীজ বপন শুরু হয়েছে।
সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের কৃষক রাকিবুদ্দিন জানান, গত ২৪ অক্টোবর চুয়াডাঙ্গার নিচের বাজারের ‘লালন বীজ ভান্ডার’ থেকে বারি-৭ জাতের ভুট্টাবীজ কেনেন। বিএডিসির নকল মোড়কের গায়ে প্রতি কেজি বীজের দাম ৭৫ টাকা লেখা থাকলেও বিক্রেতা তাঁর কাছে ১৫০ টাকা দরে বিক্রি করেন। বীজ কেনার পর তা যাচাইয়ের জন্য প্যাকেটগুলো তিনি চুয়াডাঙ্গার বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মহিউদ্দিনকে দেখান। ওই কর্মকর্তা বীজগুলো বিএডিসির বলে নিশ্চিত করলে রাকিবুদ্দিন ৩১ অক্টোবর তা বপন করেন। গত পাঁচ দিনেও চারা না গজালে তিনি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালকের কাছে অভিযোগ দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক হরিবুলা সরকার জানান, ৩১ অক্টোবর জেলা সার, বীজ মনিটরিং কমিটির সভায় নকল ও নিম্নমানের বীজ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসক ইউএনওদের নির্দেশ দিয়েছেন।
ওই বীজের মোড়কের গায়ে লেখা রয়েছে, বারি-৭ ভুট্টাবীজ, হাইব্রিড ভুট্টা (এম ৩/৫), অঙ্কুরোদগম ৮০ শতাংশ, বিশুদ্ধতা ৯৬ শতাংশ, আর্দ্রতা ১০ শতাংশ (প্যাকিংয়ের সময়), খুচরা দাম ৭৫ টাকা কেজি, চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের লট নম্বর চ- ৩০/১২-১৩, পরীক্ষার তারিখ অক্টোবর ২০১৩, প্যাকিং ২৫ অক্টোবর এবং বীজের উৎস কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন, চুয়াডাঙ্গা। ওই মোড়কে বীজ মোড়কজাত করার তারিখ ২৫ অক্টোবর লেখা থাকলেও তার আগে থেকেই তা বাজারে আসায় এ নিয়ে প্রশ্ন উঠেছে।
লালন বীজ ভান্ডারের স্বত্বাধিকারী ফয়জুল মিয়া জানান, বিএডিসির পরিবেশক মেহেরপুর সদর উপজেলার রাজনগর এলাকার ‘আরমান বীজ ভান্ডার’ থেকে তিনি প্রতিকেজি ১৪০ টাকা দরে ভুট্টাবীজ কিনে ১৫০ টাকায় বিক্রি করছেন। আরমান বীজ ভান্ডারের পক্ষে ফারুক হোসেন মুঠোফোনে দাবি করেন, বিএডিসির চুয়াডাঙ্গা বীজ বিপণন কেন্দ্র থেকে বীজ সংগ্রহ করে প্রতিকেজি ৭৫ টাকা দরে বিক্রি করেছেন।
তবে বীজ বিপণন কেন্দ্রের সহকারী পরিচালক আমান উল্লাহ বলেন, বিএডিসি চুয়াডাঙ্গা বিক্রয়কেন্দ্র থেকে চলতি মৌসুমের জন্য এ পর্যন্ত কোনো ভুট্টাবীজ ছাড় করা হয়নি। বিএডিসির নামে যদি কেউ বীজ বিক্রি করে থাকেন, তাহলে বুঝতে হবে, তিনি নকল বীজ বিক্রি করে প্রতারণা করেছেন।
বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চুয়াডাঙ্গার যুগ্ম পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘বিএডিসি পরীক্ষা-নিরীক্ষার পর বীজ প্যাকেটজাত করে। ওই কৃষকের কাছ থেকে অভিযোগ পেয়েছি। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে কেউ বিএডিসির নামে বীজ বিপণন করছে কি না সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’