বিএডিসির নিম্নমানের বীজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার রাধানগর গ্রামের চাষি কামরুল ইসলাম গত বছর আট একর জমিতে বিএডিসির বীজ দিয়ে গম চাষ করে একরপ্রতি ফলন পেয়েছেন ১৪ মণ। অথচ স্বাভাবিক ফলন হওয়ার কথা ছিল ৩০-৩৫ মণ। কামরুল ইসলামের মতো উপজেলার কয়েক হাজার কৃষক গত মৌসুমে বিএডিসির বীজে ধান, গম, সবজি, পেঁয়াজ ও তেলজাতীয় ফসল চাষ করে স্বাভাবিকের চেয়ে অনেক কম ফলন পেয়েছেন। কোনো কোনো জমিতে ফলন একদমই হয়নি, কোনো কোনো জমিতে অর্ধেকেরও কম হয়েছে।কৃষি বিভাগের অভিযোগ, চলতি মৌসুমেও বিএডিসির বীজ নিম্নমানের। চলতি মৌসুমে বিএডিসির বীজ দিয়ে ৬৫৭ হেক্টরে ধান, ৩১২ হেক্টরে গম, ৩৭৫ হেক্টরে তেলজাতীয়, ২০০ হেক্টরে সবজি ও সাত হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন জানান, তিনি গতবার বিএডিসির (ব্রি-৩৩) বীজ দিয়ে ধান চাষ করেছিলেন। ১০ কেজি বীজ দিয়ে ২৭ শতক জমিতে ফলন পেয়েছেন ছয় মণ। অথচ স্বাভাবিক ফলন হয় ১০-১২ মণ।লোহাগড়া বাজারের বিএডিসির বীজ ডিলার বিশ্বনাথ দাস জানান, বিএডিসির বীজ ব্যবহার করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন জানান, গত বছর বিএডিসির বীজ দিয়ে কৃষি বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১০০টি প্রদর্শনী প্লটে পেঁয়াজ চাষ করা হয়েছিল। কিন্তু ফলন একদমই হয়নি।উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর বলেন, বিএডিসির বীজের দাম কম হওয়ায় কৃষক এ বীজ ব্যবহারে বেশি আগ্রহী। কিন্তু গত বছরের মতো এবারও নিম্নমানের বীজ এসেছে। অধিকাংশ বীজেই বিভিন্ন জাতের সংমিশ্রণ ও বীজের আকার বিভিন্ন ধরনের। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও রোগাক্রান্ত বীজও এসেছে।এ বিষয়ে বিএডিসির যশোর কার্যালয়ের উপপরিচালক (বীজ বিপণন) রতন কুমার মণ্ডল বলেন, বিএডিসি মান যাচাই করেই বাজারে বীজ ছাড়া হয়। লোহাগড়ার কৃষক ও কৃষি বিভাগের অভিযোগ সঠিক নয়।