বিএডিসির বীজ পাচ্ছেন না পঞ্চগড়ের কৃষক
পঞ্চগড়ে গম চাষের ভরা মৌসুমেও গমবীজ পাচ্ছেন না কৃষকেরা। লাগাতার হরতালের কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ ডিলাররাও সময়মতো কৃষকদের বীজ সরবরাহ করতে পারছেন না। আগামী দিনগুলোতেও লাগাতার হরতাল ও অবরোধের মতো কর্মসূচি থাকলে বীজের অভাবে এ বছর জেলায় লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও গম আবাদ করা সম্ভব হবে না বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ।
এদিকে গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সমেঞ্চলনকক্ষে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় শুক্র ও শনিবার বন্ধের দিনেও বিএডিসির বীজ গুদাম খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় ডিলারদের ইউরিয়া ও গমবীজ উত্তোলনের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যতিক্রম হলে ডিলারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহউদ্দিনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসির বীজ গুদাম থেকে ৮৪ জন ডিলার এক হাজার ২৮০ মেট্রিক টন গমবীজ বরাদ্দ পান। এর মধ্যে কয়েকজন ডিলার দিনাজপুর ও ঠাকুরগাঁও বিএডিসির গুদাম থেকে মাত্র ৮০ মেট্রিক টন বীজ উত্তোলন করেন। গত কয়েক দিনে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও কয়েক দফা হরতালের কারণে অন্য ডিলাররা বীজ উত্তোলন করতে পারছেন না। অথচ নভেম্বর মাসই এই গমবীজ বপনের ভরা মৌসুম। ডিলারদের কাছ থেকে সময়মতো বীজ সরবরাহ না পেয়ে কৃষকেরা বাজার থেকে চড়া দামে নিম্নমানের গমবীজ ক্রয় করতে বাধ্য হচ্ছেন।
সদর উপজেলার চাতলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের কৃষক মো. আলম বলেন, এবার ১২-১৪ বিঘা জমিতে গম চাষের প্রস্তুতি নিয়েও বীজের অভাবে তা সম্ভব হচ্ছে না।
বিএডিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবু তালেব বলেন, ২০ নভেম্বর বীজ উত্তোলনের সর্বশেষ সময়। এই সময়ের মধ্যে বীজ উত্তোলন না হলে ডিলারদের বরাদ্দ বাতিল হয়ে যাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, লাগাতার হরতালের কারণে ডিলাররা গমবীজ উত্তোলন করতে না পারায় এর সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে বন্ধের দিনেও বিএডিসি বীজ গুদাম খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গমবীজ না পেলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও গম চাষ করা সম্ভব হবে না।