বিএডিসির বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন—বিএডিসির বীজ কিনে বোরো চাষ করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকেরা প্রতারণার শিকার হয়েছেন। বিএডিসির বিপণন করা ব্রি-২৮ জাতের ধান বীজের বস্তায় তিন-চার জাতের ধানের মিশ্রণ থাকায় প্রায় ৪০ শতাংশ ফলন কম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৪০ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে দামুড়হুদা উপজেলায় নয় হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বিএডিসির দামুড়হুদা বিক্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষক মো. হাসমত আলী সরদার জানান, চলতি মৌসুমে ব্রি-২৮ জাতের প্রায় ছয় মেট্রিক টন বীজ কেন্দ্র থেকে বিক্রি করা হয়েছে। এ ছাড়া উপজেলার ১৫টি পরিবেশকের মাধ্যমে দ্বিগুণ পরিমাণ বীজ বিক্রি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ মেট্রিক টন ধান বীজ বিক্রি হয়েছে। প্রতি হেক্টর জমিতে ২৫ কেজি বীজের প্রয়োজন হয়। সে হিসাবে বোরো চাষে ৮০০ হেক্টর জমিতে বিএডিসির বীজ ব্যবহার করা হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ধানখেতে বিভিন্ন ধরনের গাছ দেখে সন্দেহ হলেও বিষয়টি তাঁরা প্রথমে আমলে নেননি। কিন্তু ধান পাকা শুরু হলে ক্ষতির বিষয়টি ধরা পড়ে। ব্রি-২৮ ধানের খেতে ব্রি-২৬, ব্রি-২৯ এবং স্থানীয় বোরো ধানের গাছ দেখা যায়। এ কারণে বেশির ভাগ খেতেই ৬০ শতাংশ ধান কাটার উপযোগী হলেও ৪০ শতাংশ ফুল ও দুধ পর্যায়ে রয়েছে। ব্রি-২৮ ধান ১৪০ দিনে কাটার উপযোগী হলেও ব্রি-২৯ জাতের ধানে লাগে ১৬০ দিন। তাই বেছে বেছে যেমন ধান কাটা যাচ্ছে না, তেমনি পাকা ধানও জমিতে রাখা যাচ্ছে না। প্রতাপপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, ‘ছয় বিঘা জমিতে ব্রি-২৮ জাতের বীজ বুনেছি। সপ্তাহ খানেক আগে এক বিঘা জমির ধান কেটেছি। ২২ থেকে ২৫ মণ ফলন হওয়ার কথা থাকলেও পেয়েছি মাত্র ১৩ মণ।’ একই ধরনের কথা বলেন আবদুর রাজ্জাক, কুতুব উদ্দিন, আবদুল জব্বার, শুকুর আলী, আবদুল হান্নানসহ কয়েকজন কৃষক। কৃষক আবু তাহের জানান, এক বিঘা ধান আবাদে খরচ হয়েছে ১৫ হাজার ১৬০ টাকার মতো। সেখানে ৬৫০ টাকা মণ দরে ১৩ মণ ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র আট হাজার ৪৫০ টাকা। অর্থাৎপ্রতি বিঘা জমিতে ছয় হাজার ৭১০ টাকা লোকসান হচ্ছে।কুড়ুলগাছি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির জানান, প্রতাপপুর গ্রামেই এ পর্যন্ত ৪৫ বিঘা জমিতে এ ধরনের বিপর্যয়ের খবর পাওয়া গেছে। আশপাশের গ্রাম থেকেও কমবেশি অভিযোগ পাওয়া যাচ্ছে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, ‘গত শনিবার একাধিক ধানখেত পরিদর্শন করে শতকরা ১১ থেকে সাড়ে ১৬ শতাংশ অন্যান্য জাতের ধানের উপস্থিতি দেখা গেছে। এলাকার কৃষকদের পরবর্তী মৌসুমের জন্য নিজ খেত থেকে বীজ সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিএডিসির বীজ নিয়ে সমস্যার কথা উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।’বিএডিসি চুয়াডাঙ্গা বীজ বিপণন কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত জ্যেষ্ঠ সহকারী পরিচালক সালেহ আহমেদ বলেন, ‘শিগগির ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করব।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুল লতিফ বলেন, ‘এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’