বিএডিসির বীজে ক্ষতিগ্রস্ত শরীয়তপুরের কৃষক
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ নিয়ে বোরোর অর্ধেক ফলন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন শরীয়তপুরের কৃষকেরা। বিএডিসির সরবরাহ করা বীজের বস্তায় তিন-চার জাতের ধানের মিশ্রণ থাকায় এ অবস্থা হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, বিএডিসির বিক্রয়কেন্দ্র ও ২১ জন পরিবেশকের মাধ্যমে ২৭৫ টন বীজ কৃষকের মধ্যে সরবরাহ করা হয়েছে। প্রতি হেক্টরে ২৫ কেজি বীজ ব্যবহার করা হয়। সেই হিসেবে শরীয়তপুরে ১১ হাজার হেক্টরে বিএডিসির বীজ ব্যবহার করা হয়েছে। ব্রি-২৮, ব্রি-২৯ ও ব্রি-৪৭ জাতের বীজ আলাদা করে ১০ কেজি ওজনের বস্তায় সরবরাহ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি বস্তার মূল্য নেওয়া হয়েছে ৩৬০ টাকা।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ করা বীজের বস্তায় ২৮, ২৯, ৪৭ ও স্থানীয় দিঘাজাতের ধানের মিশ্রণ ছিল। কৃষকেরা না বুঝে সেই ধানের বীজতলা প্রস্তুত ও পরে রোপণ করেছেন। ধান গাছ হওয়ার পর কৃষকেরা বিষয়টি বুঝতে পেরেছেন। তাঁরা জানান, প্রথমে ব্রি-২৮ ধান পাকে, এরপর ব্রি-৪৭ ও শেষে ব্রি-২৯ জাতের ধান পাকে। যে ধান আগে পেকেছে তা কৃষক সংগ্রহ করতে পারছেন না অন্য ধানের ক্ষতি হওয়ার আশঙ্কায়। আবার অন্য ধান পাকতে পাকতে এগুলো ঝরে যাবে। এভাবে জমির অর্ধেক ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সদর উপজেলার কাগদী গ্রামের রুহুল আমিন সরদার ও ইউসুফ আলী মাদবর জানান, ভালো ফলনের আশায় তাঁরা বিএডিসির বীজ নিয়ে প্রতারিত হয়েছেন। অর্ধেক ফলনও ঘরে তুলতে পারবেন না। ডামুড্যা উপজেলার শিধুলকুড়া গ্রামের সোহরাব হোসেন, দিদারুল ইসলাম ও রিপন মিয়া জানান, বীজের বস্তার মধ্যে তিন-চার জাতের ধানের মিশ্রণ থাকার বিষয়টি তাঁরা প্রথমে বুঝতে পারেননি। ছড়া বের হওয়ার পর বিষয়টি তাঁদের নজরে এসেছে।সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপকুমার বলেন, বিএডিসির সরবরাহ করা বীজগুলো মিশ্রিত হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকায় গেলে এখন কৃষকেরা তাঁদের ওপর চড়াও হন। বিএডিসির শরীয়তপুর সদরের পরিবেশক দেলোয়ার হোসেন বলেন, বিএডিসির সরবরাহ করা বীজের বস্তার মুখ আটকানো থাকে। ইচ্ছে করলেই সেটা কেউ খুলতে পারে না। বীজের মান নিশ্চিত করার কোনো সুযোগ তাঁদের নেই। এ অবস্থায় কৃষকের কাছে বস্তা সরবরাহ করা হয়েছে। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান জানান, বিএডিসির সরবরাহ করা বোরো ধানের বীজে কিছু সমস্যা দেখা দিয়েছে। কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন তথ্য তাঁরা পেয়েছেন। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে। বিএডিসি ফরিদপুর অঞ্চলের উপপরিচালক মোজাফ্ফর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএডিসি কোনো নিম্নমানের বীজ সরবরাহ করে না। তাদের সুনাম ক্ষুণ্ন করার জন্য কিছু কৃষক অপপ্রচার চালায়। অন্য বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়ে বিএডিসির ঘাড়ে দোষ চাপানো হয় বলে মন্তব্য করেন তিনি।