বিএডিসির ব্যাখ্যা
প্রথম আলো পৃষ্ঠা-৪-এ গতকাল শনিবার ‘নিম্নমানের বীজে তরতাজা গাছ, নেই ফলন’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখা পাঠিয়েছে বিএডিসির ঢাকার ডাল ও তৈলবীজ প্রকল্প। পরিচালক এ কে এম আব্দুল মালেক স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, পাবনা সদর উপজেলায় এক দশমিক ৫ মেট্রিক টন ও আটঘরিয়ায় এক মেট্রিক টন বারিমাস-৩ জাতের মাষকলাই বীজ সরবরাহ করা হয়। পাবনা সদর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, লালপুর, আতাইকুলা, বেড়া ও শাহজাদপুরে চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে মাষকলাই বীজ উৎপাদন করা হয়েছে। খামার ও চুক্তিবদ্ধ চাষীদের মাঠের ফসলে যথারীতি ফুল-ফল ধরেছে। তবে সরেজমিনে মাঠ পরিদর্শন করে বিএডিসির বীজ ও কৃষকদের নিজস্ব সংগ্রহ করা বীজ দ্বারা আবাদ করা মাষকলাই গাছের মধ্যে পার্থক্য দেখা গেছে। মোট আবাদের শতকরা দুই ভাগ বীজ তাঁরা সরবরাহ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে। বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ ধারণক্ষমতা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে কৃষক পর্যায়ে বীজ সরবরাহ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।