বিএডিসির সার গুদামে রেখে নিম্নমানের চীনা সার বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সার ব্যবসায়ীরা কৃষকদের কাছে বিএডিসির মিউরেট অব পটাশ (এমওপি) সার বিক্রি না করে নিম্নমানের চীনের তৈরি এমওপি সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অধিক মুনাফার আশায় তাঁরা ওই সার বিক্রি করছেন। এতে বিএডিসির সার গুদামে থেকে নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদন কম হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএডিসির প্রতি বস্তা (৫০ কেজি) সার ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে এক হাজার ১৫০ টাকা দরে কিনে খুচরা এক হাজার ২৫০ টাকায় বিক্রি করেন। এ সার সরকার মরক্কো ও তিউনিসিয়া থেকে আমদানি করে। এই সারের গুণগত মান চীনের তৈরি এমওপি সারের চেয়ে অনেক বেশি। কিন্তু নড়াইলের একশ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফার আশায় যশোরের নওয়াপাড়া থেকে প্রতি বস্তা চীনের তৈরি এমওপি সার (৫০ কেজি) ৯৫০ টাকা দরে কিনে এনে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকায় কৃষকদের কাছে বিক্রি করছেন। বিএডিসি সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে জেলায় বিএডিসির চার হাজার ৬৫৯ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেয়া হলেও নড়াইলের ডিলাররা মাত্র ২৭৩ মেট্রিক টন সার তুলেছেন। বাকি চার হাজার ৩৮৬ মেট্রিক টন সার বিএডিসির নড়াইলের গুদামে পড়ে আছে।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সার ডিলার ১৫ জন এবং বিএডিসির বীজ ডিলার চারজন। কিন্তু ডিলাররা না কেনায় প্রতিবছর জেলায় বিপুল পরিমাণ সার অবিক্রীত থেকে যাচ্ছে। নড়াইল পৌর এলাকার কৃষক সায়েদ আলী অভিযোগ করেন, তিনি শহরের কোনো সার ব্যবসায়ীর দোকান থেকে বিএডিসির এমওপি সার কিনতে পারেননি। তিনি দাবি করেন, গত বছর জমিতে চীনা ও ভারতীয় পটাশ ব্যবহার করে আশানুরূপ ফলন পাওয়া যায়নি। নড়াইলের বিএডিসি বীজ বিক্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালক মো. রিপন মিঞা জানান, এই বিপুল পরিমাণ সার বিক্রি না হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে সারভর্তি বস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের ক্ষতি হচ্ছে। নড়াইল জেলা সার ডিলার সমিতির সভাপতি আইয়ুব খান বলেন, ‘কৃষকেরা কম দামে চীনের তৈরি এমওপি সার কিনতে আগ্রহী। অনেকে আরও কম দামে ভারতীয় সারও কিনছেন।’ জেলা কৃষি কর্মকর্তা এ বি এম ফজলুর রহমান জানান, বিএডিসির আমদানি করা সার ওঠানোর জন্য সারের ডিলারদের তাগিদ দেওয়া হচ্ছে এবং কৃষকদের এই সারের গুণগতমান সম্পর্কেও বোঝানো হচ্ছে। বিএডিসির যশোর অঞ্চলের সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, বিএডিসির আমাদানিকৃত সারের গুণগত মান ভালো। কিন্তু কৃষকেরা এ সার জমিতে ব্যবহার না করায় ফলন কম হচ্ছে। তিনি আরও বলেন, ২৫ জুলাই নড়াইল, যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলা প্রশাসকের কাছে বিএডিসির সার বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, এ ধরনের অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।