বিএনএনসিপি গঠন করল ১০ সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংক্রামক রোগ প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা এবং এর প্রতিকারে জনগণকে সচেতন করা ও এসব কাজে দেশের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে সম্প্রতি ১০টি সংগঠনের উদ্যোগে বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (বিএনএনসিপি) নামের একটি সংস্থা গঠন করা হয়েছে।
ওই সংগঠন ১০টি হলো বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ক্যানসার সোসাইটি, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, বাংলাদেশ লাং ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন ও কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিককে সভাপতি এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক এ কে এম মহিবুল্লাহকে মহাসচিব করে সংগঠনের ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, নিউরোসায়েন্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন-উর-রশিদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক মোল্লা ওবায়দুল্লাহ বাকী ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভী। বিজ্ঞপ্তি।